গ্যাস সংকট সমাধানে নতুন কূপ খননের দাবিতে মানববন্ধন
গ্যাস সংকট সমাধানে অবিলম্বে নতুন কূপ খনন করার দাবিতে জাতীয় সম্পদ লুণ্ঠন ও পাচার বন্ধ এবং জনগণের সম্পদের ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ শাখা গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে জাতীয় কমিটির নারায়ণগঞ্জ শাখার সভাপতি রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির শফিউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবি নেতা দুলাল সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, মহিলা পরিষদ নেত্রী লক্ষ্মী চক্রবর্তী, নিখিল দাস, শাহানারা বেগম, আবু হাসান টিপু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জে গ্যাসের আবাসিক সংকট দ্রুত সমাধান করতে হবে। তাঁরা আরও বলেন, দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে নয়, খাদ্য ও কৃষি উত্পাদন এবং শিল্প উন্নয়নে জনগণের প্রয়োজন মেটানোর জন্য গ্যাস ও কয়লা উত্তোলন করতে হবে। তা ছাড়া বক্তারা সরকারের কাছে গ্যাস সংকটের দ্রুত সমাধান, সাগরবক্ষের তিনটি তেল-গ্যাসক্ষেত্র বহুজাতিক কোম্পানির কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির উত্থাপিত সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।