গ্যাস-সংকট সিইউএফএল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় গতকাল রোববার দুপুরে সরকারি মালিকানাধীন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার দুপুর ১২টায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধের সত্যতা স্বীকার করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান খান প্রথম আলোকে বলেন, সকাল ১০টা থেকে গ্যাসের সংকট শুরু হয়। কিন্তু ১২টার পর আর ইউরিয়া কারখানা চালু রাখা সম্ভব হয়নি। জানা যায়, গত মাসেও গ্যাস-সংকটের কারণে দুবার বন্ধ হয় সিইউএফএল। এ ছাড়া গ্যাসের অভাবে চট্টগ্রামে অবস্থিত বহুজাতিক সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতেও (কাফকো) উৎপাদন চার মাস ধরে বন্ধ রয়েছে। চট্টগ্রামে গ্যাসের গড় চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে সিইউএফএল ও কাফকো সচল রাখতে অন্তত ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার। কর্ণফুলী গ্যাস কোম্পানির একাধিক কর্মকর্তা জানান, গতকাল রোববার চট্টগ্রামে মাত্র ২০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়। এ অবস্থায় এই কারখানা দুটি সচল রাখা সম্ভব নয়। তবে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান খান বলেন, চট্টগ্রাম অঞ্চলে বোরো মৌসুমে ইউরিয়া সারের চাহিদা মেটাতে কারখানাটি অন্তত আরও এক মাস চালু রাখা খুবই জরুরি। সিইউএফএল ছাড়াও গতকাল বিভিন্ন শিল্প-কারখানা এমনকি নগরের বাসাবাড়ির চুলাতেও গ্যাসের সংকট দেখা দেয় বলে কর্ণফুলী গ্যাস কোম্পানি সূত্রে জানা যায়।