গ্যাস-সংকটে উদ্যোক্তাদের বিনিয়োগ হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তুকি দিয়ে স্বল্পমেয়াদি সমাধানের পরিবর্তে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। তিনি বলেছেন, পেট্রোবাংলার চেয়ারম্যান দুই বছর পর নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিলেও প্রায় তিন বছর হয়ে গেছে, কিন্তু গ্যাস সংযোগ দিতে পারেননি। গ্যাস-সংকটে উদ্যোক্তাদের বিনিয়োগ হুমকির মুখে পড়ছে।আশুলিয়ায় হা-মীম গ্রুপের পোশাক কারখানায় আগুনে নিহত শ্রমিকদের উত্তরাধিকারীদের চেক হস্তান্তর অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার এ কে আজাদ এ কথা বলেন। তিনি হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের পোশাক খাত এখন জনগণ, সরকার ও বিশ্ববাসীর তীক্ষদৃষ্টিতে রয়েছে। আর্থিক চাপ সত্ত্বেও মালিকপক্ষের উদার মনোভাবের কারণে শ্রমিকেরা নিয়মিত বেতন-বোনাস পাচ্ছেন। তিনি বলেন, মালিক-শ্রমিক পরস্পরের প্রতিপক্ষ নয়, অংশীদার। সরকার রেফারির কাজ করে। পোশাক খাতের উন্নয়নের ধারায় আগামী কয়েক বছরের মধ্যে এ খাতে কর্মসংস্থান ৮০ লাখে উন্নীত করা সম্ভব।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, বন্দরে চুরির ঘটনায় সব রপ্তানিকারককেই প্রতি মাসে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অভিযোগ শুনতে হয়। ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রামে পণ্য পৌঁছাতে ছয় ঘণ্টার পরিবর্তে ২২ ঘণ্টা লাগে। এতে ব্যবসা-বাণিজ্যে দীর্ঘসূত্রতা বাড়ছে।বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, দেশের পোশাক খাত ক্রান্তিকাল অতিক্রম করছে। তিনি দাবি করেন, পাঁচ হাজার পোশাক কারখানার মধ্যে দুই হাজার কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।আওয়ামী লীগের সাংসদ তৌহিদ জং মুরাদ বলেন, বেশির ভাগ মালিকই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ব্যবস্থাপনায় কারখানার দায়িত্ব দিয়ে রাখেন। অদক্ষ এই ব্যবস্থাপনায় শ্রমিক অসন্তোষ বাড়ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত তৈরি পোশাক খাতের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি এখনো কোনো বৈঠক করতে পারেনি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আটটি ক্রেতা গ্রুপের প্রতিনিধি জিয়া আহাদ, হা-মীম গ্রুপের পরিচালক দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা তৌহিদুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে আশুলিয়ায় হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টসওয়্যার কারখানায় আগুনে নিহত ২৯ শ্রমিকের পরিবারের মধ্যে গ্রুপের পক্ষ থেকে এক লাখ টাকার বিমা ও আট ক্রেতাগোষ্ঠীর পক্ষ থেকে পাঁচ লাখ ৪৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। ২০১০ সালের ১৪ ডিসেম্বর ওই কারখানায় আগুন লাগে।