গ্যাস-সংকটে কুমিল্লা শহরবাসী নিত্য ভোগান্তির শিকার
কুমিল্লা শহরের হাজার হাজার গ্রাহক রান্নার জন্য সময়মতো গ্যাস পাচ্ছে না। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত চুলায় গ্যাস থাকে না। ফলে সকালের নাশতা ও দুপুরের খাবার তৈরি করতে গৃহবধূদের হিমশিম খেতে হচ্ছে। গ্রাহকেরা গত ২০ জানুয়ারি বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডে (বিজিএসএল) প্রতিকার চেয়ে আবেদন করলেও ভোগান্তি থেকে রেহাই পাচ্ছে না। বিজিএসএল জানিয়েছে, পাইপলাইনে গ্যাসের চাপ কম থাকা এবং নতুন করে পাইপলাইন তৈরি না হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বাগিচাগাঁও, রেইসকোর্স, বিষ্ণুপুর, ছোটরা, কালিয়াজুরি, ধর্মসাগরপাড়, ঠাকুরপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত গ্যাস থাকে না। গ্রাহকদের ভোগান্তির মাত্রা দিন দিন বেড়েই চলেছে।পশ্চিম বাগিচা গাঁওয়ের বাসিন্দা ফেরদৌস জাহান জানান, রমজান মাসে ইফতারের এক ঘণ্টা আগে থেকে চুলায় গ্যাস থাকত না। রমজানের পর সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত গ্যাস থাকে না। অথচ ওই সময়ের মধ্যেই রান্নার কাজ সারতে হয়।কুমিল্লা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমীর উদ্দিন খান বলেন, গুরুত্বপূর্ণ সময় টানা প্রায় চার ঘণ্টা গ্যাস না থাকার কারণে রান্নার কাজে ভীষণ অসুবিধা হচ্ছে।বিজিএসএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিপণন শাখার মহাব্যবস্থাপক আ ক ম আবদুস সালাম গত রোববার জানান, দীর্ঘদিন থেকে কুমিল্লা শহরের আবাসিক গ্রাহকদের গ্যাসের সংকট দেখা দিয়েছে। বাখরাবাদ-ডেমরা পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় একটি নির্দিষ্ট সময়ে চুলায় গ্যাস থাকে না। ওই পাইপলাইনগুলো ৩০ বছর আগে তৈরি করা হয়েছে। দীর্ঘ সময়ে গ্রাহকের সংখ্যা যেভাবে বেড়েছে, সেভাবে পাইপলাইন বাড়েনি। কুমিল্লা শহরের লাইনে ৩৫০ এমএমসিএফডি গ্যাস দরকার। কিন্তু পিক আওয়ারে পাওয়া যাচ্ছে ২৪০ এমএমসিএফডি, আর অফপিক আওয়ারে পাওয়া যাচ্ছে ২৮০ এমএমসিএফডি গ্যাস। গ্যাসের চাপ না বাড়া পর্যন্ত এ সংকট থাকবে। তবে কবে নাগাদ গ্যাসের চাপ বাড়তে পারে, এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।