গ্যাস-সংকটে চট্টগ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস না থাকায় রান্না চলছে মাটির চুলায়। চট্টগ্রামের বাকলিয়ার ডিসি রোড এলাকা থেকে গতকাল দুপুরে তোলা ছবি । প্রথম আলো
গ্যাস না থাকায় রান্না চলছে মাটির চুলায়। চট্টগ্রামের বাকলিয়ার ডিসি রোড এলাকা থেকে গতকাল দুপুরে তোলা ছবি । প্রথম আলো

চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুট, দেওয়া হচ্ছে ২১৮। অর্ধেক গ্যাস যায় কাফকো, সিইউএফএল, কর্ণফুলী পেপার মিল ও দুটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে
ফটিকছড়ি থেকে যাত্রী নিয়ে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম শহরে আসেন সিএনজিচালিত অটোরিকশাচালক মো. বেলাল। এরপর গ্যাসের জন্য শহরের পাঁচটি সিএনজি স্টেশন ঘুরে ওয়াসা মোড় সিটি করপোরেশন স্টেশনে আসেন। এখানেও গ্যাস নেই।
অটোরিকশার চাকা ততক্ষণে বন্ধ। মাথায় হাত দিয়ে অপেক্ষা করতে থাকেন, যদি গ্যাস পাওয়া যায়, বাড়ি ফিরতে হবে তো!
বেলালের মতো অনেক চালকই অনেক দিন ধরে এ সমস্যার মুখোমুখি হচ্ছেন। নগরবাসী বলছেন, বর্তমানের গ্যাস-সংকট অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বাকলিয়া ডিসি রোডের বাসিন্দা সেলিনা আকতার জানান, তিন মাস ধরে সকাল সাড়ে ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত বাসায় গ্যাস থাকে না। ১১টার পর গ্যাস পেলেও চাপ কম।
শুধু বাকলিয়া নয়, নগরের অক্সিজেন, বহদ্দারহাট, লাভলেইন, আশকার দীঘিরপাড়, পাহাড়তলী, সাগরিকা রোড, জামালখান, পতেঙ্গা, হালিশহর, কাট্টলীসহ অনেক এলাকায় গ্যাস-সংকট চলছে।
গ্যাসের অভাবে একের পর এক সিএনজি ফিলিং স্টেশন ও কলকারখানা বন্ধ হচ্ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। গতকাল ১২টি ফিলিং স্টেশন ঘুরে মাত্র দুটিতে গ্যাস পাওয়া গেছে। তবে চাপ কম ছিল। আর স্টেশনের বাইরে ছিল গাড়ির লম্বা সারি।
চট্টগ্রাম সিএনজি ফিলিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল মো. মনসুরুল করিম প্রথম আলোকে বলেন, নগরের ৫৬টি ফিলিং স্টেশনের বেশির ভাগই রাত নয়টার আগে ভালোভাবে গ্যাস পায় না। এগুলোর অনেকগুলোই দিনের বেলায় বন্ধ রাখতে হয়। এর মধ্যে সাত-আটটি ফিলিং স্টেশন দুই মাস ধরে একেবারেই বন্ধ।
চট্টগ্রামে গ্যাস বিতরণের দায়িত্বে রয়েছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। গ্যাস-সংকট সমাধানের জন্য জাতীয় গ্রিড থেকে বাড়তি গ্যাস চেয়ে প্রতিবছরই চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেজিডিসিএল সূত্র। কিন্তু এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
কেজিডিসিএল সূত্রে জানা গেছে, অনেক দিন ধরেই চাহিদার বিপরীতে গ্যাস কম পাচ্ছিল চট্টগ্রাম। গত বছরের অক্টোবর থেকে সাঙ্গু গ্যাসফিল্ড বন্ধ হয়ে যায়। সেমুতাং গ্যাসফিল্ড থেকেও সরবরাহ তিন ভাগের এক ভাগে নেমে এসেছে। শুরুতে সেমুতাং থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলেও বর্তমানে সাড়ে পাঁচ মিলিয়ন ঘনফুটের বেশি পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে সিইউএফএল ও কাফকো সার কারখানা দুটি একসঙ্গে চালু করার কারণে চট্টগ্রামে গ্যাস-সংকট তীব্র হয়।
বর্তমানে চট্টগ্রামে গ্যাসের চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুট। গড়ে পাচ্ছে ২১৫ থেকে ২১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে কাফকো, সিইউএফএল, কর্ণফুলী পেপার মিল ও বেসরকারি দুটি বিদ্যুৎকেন্দ্রে প্রায় অর্ধেক গ্যাস সরবরাহ করতে হয়।
কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (বিতরণ) সহিদ আলী প্রথম আলোকে বলেন, ‘গ্যাস নিয়ে প্রতিদিনই হাজার হাজার অভিযোগ পাচ্ছি। কিন্তু আমরা অসহায়। গ্যাস সরবরাহে রেশনিং করারও সুযোগ নেই আমাদের।’
ক্ষুব্ধ গ্রাহক: গ্যাস না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বাণিজ্যিক, শিল্প ও আবাসিক গ্রাহকেরা। সোচ্চার হচ্ছে বিভিন্ন নাগরিক সংগঠন ও রাজনৈতিক দল। গ্যাসের দাবিতে প্রতিদিনই সভা-সমাবেশ ও মানববন্ধন চলছে চট্টগ্রামে। গ্যাস-সংকটের সমাধান চেয়ে ৬ ফেব্রুয়ারি জ্বালানি উপদেষ্টাকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। ২০ ফেব্রুয়ারি কেজিডিসিএল কার্যালয়ের সামনে সমাবেশে এ সমস্যার সমাধান না হলে চট্টগ্রামে হরতাল ডাকার হুমকি দিয়েছেন বিএনপির নেতারা। চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে।
চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক কল্যাণ পরিষদের সভাপতি নেছার আহমেদ বলেন, সমস্যা সমাধানে দ্রুত আশুগঞ্জ কমপ্রেসর স্টেশন চালু করতে হবে। বাখরাবাদ থেকে তিতাসের দিকে যাওয়া লাইনে একটি নিয়ন্ত্রণ ভাল্ভ লাগানোর দাবিও জানান তিনি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, রাজনৈতিক অস্থিরতার পর এখন গ্যাস সমস্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে চট্টগ্রামের ব্যবসায়ীদের। অবিলম্বে এ সংকট দূর করা না গেলে ব্যবসা-বাণিজ্য রুগ্ণ হয়ে পড়বে।