গ্যাস-সংকটে চট্টগ্রামে চার বিদ্যুৎকেন্দ্র বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংকটের কারণে চট্টগ্রামের সরকারি চারটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় লোডশেডিং বেড়ে গেছে। ফলে চট্টগ্রামের প্রায় দুই হাজার ছোট-বড় শিল্পকারখানা এবং সাড়ে পাঁচ লাখ আবাসিক বিদ্যুৎ গ্রাহককে ভোগান্তি পোহাতে হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের আগে এগুলো পুরোপুরি সচল হওয়ার কোনো সম্ভাবনা নেই। পেট্রোবাংলা এসব কথা জানিয়েছে। বন্ধ হয়ে যাওয়া চারটি সরকারি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে রাউজানে ১০০ মেগাওয়াটের দুটি এবং শিকলবাহার ৬০ ও ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘গ্যাস সরবরাহের ক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলের অবস্থান খুবই নাজুক। কারণ, সাঙ্গুর গ্যাসের স্তর একেবারে নিচে নেমে গেছে। ফলে এসব বিদ্যুৎকেন্দ্রে নিয়মিত গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। ডিসেম্বরে আশুগঞ্জের গ্যাস-হাবে কম্প্রেসার স্থাপনের কাজ শেষ হলে এ সমস্যার সমাধান হবে আশা করছি।’
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি (ভাইস প্রেসিডেন্ট) এ এম মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে প্রতিদিন পোশাকশিল্প কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। এর মধ্যে শুধু বিদ্যুতের বিকল্প হিসেবে প্রতিদিন প্রায় ৫০ কোটি টাকার ডিজেল পোড়াতে হচ্ছে।’ বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় বাসাবাড়ি ও অফিস-আদালতে লোকজনের দুর্ভোগ বেড়ে গেছে। নগরের নাসিরাবাদ এলাকার বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, ‘দিন-রাত মিলিয়ে আমরা দু-তিন ঘণ্টা বিদ্যুৎ পাই কি না সন্দেহ। এতে ছেলেমেয়েদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। মুঠোফোনের চার্জ দেওয়ার সমস্যাসহ বাসার বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জামেরও ক্ষতি হচ্ছে। তীব্র গরমে বিদ্যুৎ না থাকার অস্বস্তি তো রয়েছেই।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, এ বছর আগস্টের মাঝামাঝি সময়ে গ্যাস-সংকটের কারণে রাউজানের দুটি এবং শিকলবাহার ৬০ কিলোওয়াট বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায়। গত শনিবার শিকলবাহার অন্য বিদ্যুৎকেন্দ্রটিও বন্ধ হয়ে যায়। এ ছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় কাপ্তাইয়ে পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিট বন্ধ রয়েছে কয়েক দিন ধরে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মুনিরুজ্জামান বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা এবং বিদ্যুৎ-সংকট কাটিয়ে ওঠা সহজ হবে না।