গ্যাস-সংকটে তিতাসের উদ্যোগ নেই
কাউন্সিলর, ৫ নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. আশ্রাফুজ্জামান। এলাকার বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। বাসাবাড়িতে গ্যাস-সংকটের বিষয়ে আশ্রাফুজ্জামান বলেন, দুই মাস ধরে তাঁর ওয়ার্ডে দিনের বেলা গ্যাস থাকে না। বিষয়টি তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু তাঁরা কোনো উদ্যোগ নিচ্ছেন না। মশার উপদ্রব ও জিরানী খালের বিষয়ে তিনি বলেন, মহল্লার অনেকেই তাঁর কাছে মশার উপদ্রবের বিষয়ে অভিযোগ করেছেন। বিষয়টি ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে। এ ছাড়া জিরানী খালটি পরিষ্কার করতে ওয়াসাকেও বলা হবে।
খেলার মাঠ ও পার্কের বিষয়ে কাউন্সিলর বলেন, কালীবাড়ি ও রাজারবাগে সরকারি খালি জায়গা রয়েছে৷ এই স্থানে মাঠ ও কবরস্থান নির্মাণের জন্য স্থানীয় সাংসদের মাধ্যমে ঢাকা জেলা প্রশাসনে আবেদন করা হয়েছে৷ এ বিকল্প একটি স্থানে কমিউনিটি সেন্টার নির্মাণে ডিএসসিসিকে বলা হয়েছে৷