গ্যাস-সংকটে বিপর্যস্ত ইব্রাহিমপুরবাসী
বেলায়েত হোসেন একজন সরকারি চাকরিজীবী। ঢাকার ইব্রাহিমপুরের এই বাসিন্দা সাতসকালেই অফিসের উদ্দেশে রওনা দেন বাসা থেকে। আগে সকালের নাশতাটা কোনোমতে সেরে দুপুরের খাবার সঙ্গে নিতেন। এখন দুপুরের খাবার সঙ্গে নেওয়া তো দূরের কথা, সকালের নাশতাটাও বাসায় করার সৌভাগ্য হয় না। হবে কী করে, গ্যাসই যে থাকে না!
অফিস মোহাম্মদপুরে হওয়ায় সেখানকার হোটেলে সকালের নাশতা কিংবা দুপুরের খাবার সেরে নিতে পারছেন। কিন্তু তাঁর পরিবারের লোকজন? দু-তিন দিনের সমস্যা হলেও না হয় আত্মীয়স্বজনের বাসা থেকে কাটিয়ে দেওয়া যেত। কিন্তু কাফরুল, ইব্রাহিমপুরের উত্তর-দক্ষিণ এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে বছরজুড়ে। সাধারণত শীতের সময় ঢাকার কিছু কিছু এলাকায় গ্যাসের সমস্যা হয়। কিন্তু কাফরুল-ইব্রাহিমপুরের মানুষের জন্য শীত-গ্রীষ্ম-বর্ষা বলে কিছু নেই।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম বলেন, ওই এলাকার অধিকাংশ লাইন অনেক পুরোনো ও সরু। তার ওপর অনেক বৈধ-অবৈধ নতুন গ্রাহক সংযুক্ত হয়েছেন। ফলে সেখানে প্রতিটি লাইনের প্রান্তের গ্রাহকেরা গ্যাস পান না। চাপ কম থাকে। ওখানকার লাইন বদলানো ছাড়া এ সমস্যার সমাধান নেই। বদলানোর পরিকল্পনা তিতাসের আছে।