সরকারের পাঁচ বছরের মেয়াদের শেষ পর্যায়ে এসে গ্যাস-সংকটের কারণ হিসেবে বিগত সরকারকে দায়ী করল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। যদিও এ সংকট সমাধানে সংসদীয় কমিটিকে দেওয়া প্রতিশ্রুতির একটিও পূরণ করতে পারেনি পেট্রোবাংলা। সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল বুধবার সংসদ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এ বৈঠক হয়।
তবে বৈঠকে ব্যক্তিগতভাবে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া গ্যাস-সংকট সম্পর্কে লিখিতভাবে কিছু বক্তব্য তুলে ধরেন। তাতে তিনি বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদের পাঁচ বছর শেষ হতে চলেছে। এ অবস্থায় বিগত সরকারকে দোষারোপ করা কতটুকু যৌক্তিক? এই পাঁচ বছরে পেট্রোবাংলা কী করেছে? আমরা ভোটারের কাছে কী জবাব দেব?’ তিনি আরও বলেন, ‘প্রতিকার হিসেবে গত পাঁচ বছরে যেসব প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তার একটিরও বাস্তবায়ন হয়নি। উল্টো সংযোগ বন্ধ রেখে অবৈধ সংযোগের উদ্ভব ঘটিয়ে গ্যাস চুরির ব্যবস্থা করা হয়েছে। পাঁচ বছরে গ্যাসের উৎপাদন বেড়েছে মাত্র ৫৬৬ মিলিয়ন ঘনফুট (৩২ দশমিক ৪৫ শতাংশ)।’
শেষ পর্যন্ত বৈঠকের সার্বিক সিদ্ধান্তে গ্যাস-সংকটের জন্য বিগত সরকারকেই দায়ী করা হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে বলা হয়েছে, বর্তমান সরকারের সময়ে সীমিত মজুত এবং চাহিদা বৃদ্ধির কারণে সংকট আরও তীব্র হয়েছে। কমিটি প্রতিকার হিসেবে পেট্রোবাংলার গ্রহণ করা পদক্ষেপের প্রশংসা করে। এ ছাড়া কমিটি সমস্যার সমাধানে বিদ্যমান গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বৃদ্ধি, অনুসন্ধানের মাধ্যমে সমতল ও সাগরে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার এবং বিকল্প জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে।
জানতে চাইলে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া ও সদস্য আবদুল মতিন খসরু কোনো মন্তব্য করেননি।
বৈঠকে পেট্রোবাংলা বলেছে, বিগত সরকার গ্যাস-সংকটের সমাধানে কোনো পদক্ষেপ না নেওয়ায় বর্তমান সরকার অনেকটা বাধ্য হয়েই নতুন গ্যাস-সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ২০০৯ সালে গড়ে গ্যাস সরবরাহ ছিল এক হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট, বর্তমানে সরবরাহ হচ্ছে দুই হাজার ৩২০ মিলিয়ন ঘনফুট।
কিন্তু বৈঠকের কার্যপত্রে দেখা গেছে, ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত বিভিন্ন সময়ে পেট্রোবাংলা গ্যাস উৎপাদন সম্পর্কে সংসদীয় কমিটিকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তার একটিও বাস্তবায়িত হয়নি। ২০১০ সালের ৪ মে তারা সংসদীয় কমিটির বৈঠকে বলেছে, ২০১২ সালের মধ্যে গ্যাসের উৎপাদন দুই হাজার ৪৫৩ মিলিয়ন ঘনফুট হবে। একই বছরের ৩০ আগস্টের বৈঠকে বলেছিল, ২০১৩ সালের মধ্যে গ্যাসের উৎপাদন হবে দুই হাজার ৭৪৩ মিলিয়ন ঘনফুট। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারির বৈঠকে বলেছিল, ২০১৩ সালের মধ্যে গ্যাসের উৎপাদন হবে দুই হাজার ৬৮০ মিলিয়ন ঘণফুট, যা আগের প্রতিশ্রুতির চেয়ে কম। ওই বছরের ২৯ জুনের বৈঠকে বলেছিল, ২০১৩ সালের মধ্যে গ্যাসের উৎপাদন হবে তিন হাজার ৯২০ মিলিয়ন ঘণফুট। অথচ গত ২৮ এপ্রিলের বৈঠকে বলেছে ২০১৩ সালের মধ্যে গ্যাসের উৎপাদন দুই হাজার ৫২৪ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে, যা আগের প্রতিশ্রুতির চেয়ে এক হাজার ৩৯৬ মিলিয়ন ঘনফুট কম। সূত্র জানায়, কার্যপত্রে উল্লেখ থাকলেও কমিটির সদস্যরা এ বিষয়ে কোনো প্রশ্ন তোলেননি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য আবদুল মতিন খসরু, মনোয়ার হোসেন চৌধুরী, শেখ ফজলে নূর ও রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।