গ্যাস সংযোগ ছাড়পত্রের নামে টাকা আদায়
গ্যাস সংযোগ ছাড়পত্রের নামে গ্রাহকপ্রতি এক হাজার টাকা নিচ্ছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক। গত ১৫ দিন ধরে এভাবে টাকা নেওয়া হচ্ছে। এতে ওই ইউনিয়নের বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।দক্ষিণ দুর্গাপুর কুমিল্লা সিটি করপোরেশনের গা ঘেঁষা ইউনিয়ন। এখানে বহু মানুষের বাস। গড়ে উঠেছে অনেক স্থাপনা। জানা যায়, ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাসিক গ্যাস সংযোগ বন্ধের আদেশ প্রত্যাহার করে নেন। এরপর থেকে ওই ইউনিয়নের গ্রাহকেরা নতুন গ্যাস সংযোগ পেতে তৎপর হয়ে ওঠেন। কিন্তু ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ছাড়পত্রের জন্য তাঁদের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে।একাধিক ভুক্তভোগী বলেন, আমরা ওই ইউনিয়নের বাসিন্দা হিসেবে বিভিন্ন খাতে কর দিয়ে থাকি, তাই চেয়ারম্যান ওই টাকা আদায় করতে পারেন না। তার পরও বাধ্য হয়ে এক হাজার টাকা দিয়ে ছাড়পত্র নিচ্ছি। ছাড়পত্র মোতাবেক গ্যাস সংযোগ নেওয়ার সময় সড়কের ক্ষয়ক্ষতি হলে আমাদেরই বহন করতে হবে। অথচ তিনি টাকা আদায় করে নিচ্ছেন। ছাড়পত্রের নিচের অংশে উল্লেখ রয়েছে, ‘তাঁহার (গ্রাহকের) বাড়িতে গ্যাস সংযোগ নিতে আমার কোন আপত্তি নাই। গ্যাস সংযোগের ক্ষয়ক্ষতি নিজ খরচে ভরাট করিয়া দিতে বাধ্য থাকিবেন।’জানতে চাইলে চেয়ারম্যান মো. আমিনুল হক গতকাল রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সড়ক কেটে গ্যাস লাইন নেওয়া হবে, সে জন্য গ্রাহকদের কাছ থেকে সড়ক মেরামত বাবদ এক হাজার টাকা আদায় করা হচ্ছে। নীতিমালার ভিত্তিতে নয়, এক বছর আগে চেয়ারম্যান-মেম্বাররা (সদস্য) মিলে ওই সিদ্ধান্ত নিয়েছি।’ ছাড়পত্রে গ্যাস সংযোগ নেওয়ার সময় ক্ষয়ক্ষতি গ্রাহককেই বহন করতে হবে—প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।এ প্রসঙ্গে কুমিল্লায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাঈদ মাহবুব খান বলেন, ‘এ রকম খাতে টাকা নেওয়ার কথা আমার জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তার পরও বিষয়টি খতিয়ে দেখছি।’