গ্যাস সংযোগ না থাকায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দরের তৈজসপত্র তৈরির কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অথচ এ বন্দর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে বগুড়া শহরে গ্যাসের সংযোগ রয়েছে। ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি দিয়ে উৎপাদন করতে গিয়ে বেশি খরচ হওয়ায় ১১টির মধ্যে সাতটি কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে তালোড়া বন্দর। রেল ও নদীপথে যোগাযোগের সুবিধা থাকায় ১৯৫৪ সালে এখানে মেসার্স খেতওয়াত অ্যালুমিনিয়াম ওয়ার্কস নামে একটি তৈজসপত্র তৈরির কারখানা গড়ে ওঠে। মুম্বাইয়ের বাসিন্দা লাদুরাম আগরওয়ালা এটি প্রতিষ্ঠা করেন। পর্যায়ক্রমে এখানে ১২টি কারখানা গড়ে ওঠে। এসব কারখানায় হাঁড়ি, পাতিল, গামলা, বালতি, গ্লাস, মগসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হয়। এসব পণ্য বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কারখানার মালিকেরা জানান, কারখানায় কাঁচামাল হিসেবে ইনগট (অ্যালুমিনিয়ামের বড় বড় পাত), ভাঙারিসহ বিভিন্ন ধাতব পদার্থ ব্যবহার করা হয়। এসব কাঁচামাল গলিয়ে নতুন নতুন তৈজসপত্র তৈরি করা হয়। ফার্নেস অয়েল, বার্নিং অয়েল ও খড়ি ব্যবহার করে এগুলো গলানো হয়। ফার্নেস অয়েলের দাম প্রতিবছর লিটারপ্রতি ৩০-৩৫ টাকা করে বাড়ছে। ফার্নেস অয়েল ব্যবহার করে এক কেজি তৈজসপত্র তৈরি করতে ১৬ টাকা পড়ে। অপরদিকে গ্যাস দিয়ে একই পরিমাণের তৈজসপত্র তৈরি করতে খরচ মাত্র আট টাকা। উৎপাদন খরচ বাড়ায় ইতিমধ্যে সাতটি কারখানা বন্ধ হয়ে গেছে। প্রতি মাসে কারখানার মালিকদের গড়ে দুই লাখ টাকার ফার্নেস অয়েল কিনতে হয়।
সৌরভ অ্যালুমিনিয়াম ওয়ার্কসের মালিক সুভাস প্রসাদ জানান, গ্যাসের সংযোগ পেলেই কারখানাগুলোতে উৎপাদন দ্বিগুণ হবে। উৎপাদন খরচও কম পড়বে। এক মাসের ফার্নেস অয়েলের খরচ দিয়ে ছয়-সাত মাস গ্যাস কিনে তৈজসপত্র উৎপাদন করা যাবে। এলাকায় শ্রমিকেরা বেকার থাকবে না। এ বিষয়ে গ্যাস সরবরাহকারী কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের অনুমতি পেলেই গ্যাস সংযোগ মিলবে।
সুভাস আরও জানান, চার বছর আগে যখন বগুড়ায় গ্যাস সংযোগ দেওয়া হয়, তখন এ বন্দরের ব্যবসায়ীরা জেলা প্রশাসকের সঙ্গে করে গ্যাসের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু তাঁদের দাবি আর বাস্তবায়িত হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘তালোড়ায় গ্যাস সংযোগের দাবির বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।’