গ্যাস সংযোগ পাবে দুই লাখ পরিবার ও ১৪০০ কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই লাখ পরিবার ও এক হাজার ৪০০ বাণিজ্যিক ও শিল্পকারখানায় নতুন করে গ্যাস সংযোগ দেবে সরকার। ‘ন্যাচারাল গ্যাস এক্সেস ইম্প্রুভমেন্ট’ নামে একটি প্রকল্পের আওতায় ২০১০-২০১৫ অর্থাৎ পাঁচ বছর মেয়াদে তা বাস্তবায়ন করা হবে। এজন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে গতকাল বৃহস্পতিবার এক হাজার ৮৬২ কোটি টাকার একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঋণের অর্থ ব্যয় করা হবে গ্যাস সঞ্চালন ও বিতরণের অবকাঠামো তৈরিতে। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং এডিবির আবাসিক প্রতিনিধি থিভাকুমার কানদিয়া চুক্তিতে সই করেন। ইআরডি সচিব সাংবাদিকদের জানান, প্রকল্পটিতে মোট ব্যয় হবে প্রায় তিন হাজার ৭৯৪ কোটি টাকা। এডিবির অংশ বাদে বাংলাদেশ সরকার দেবে এক হাজার ৬১৭ কোটি টাকা। বাকি ৩১৫ কোটি টাকা দেবে কোরিয়ার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কর্মসংস্থান বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যেরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হয়। পেট্রোবাংলা, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি অব বাংলাদেশ এবং সুন্দরবন গ্যাস ফিল্ডস কোম্পানি এ প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানা গেছে।