গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করায় কাগজ উৎপাদন সম্পূর্ণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে কেপিএম কারখানায় কাগজ উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ারুল ইসলাম তালুকদার বলেন, গত মঙ্গলবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কেপিএমের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর পর থেকেই কারখানায় কাগজ উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধ থাকায় কেপিএম প্রতিদিন কমপক্ষে দুই কোটি টাকা লোকসান দেবে বলেও তিনি জানান। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চট্টগ্রামের সার কারখানা সিইউএফএল সচল রাখার জন্য কেপিএমের গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার রাত ১২টায় কেপিএমে গ্যাস সরবরাহ বন্ধ করে তা সিইউএফএলে সরবরাহ করা হয়। আনোয়ারুল ইসলাম আরও বলেন, কেপিএম প্রতিদিন মাত্র ৩০ লাখ ঘনফুট গ্যাস ব্যবহার করে। আর সিইউএফএল ব্যবহার করছে সাড়ে চার কোটি ঘনফুট গ্যাস। তবে যে সিইউএফএল সচল রাখার জন্য কেপিএমের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়, সেই সিইউএফএল কারখানাতেও গ্যাস-সংকটের কারণে গতকাল বুধবার সকাল নয়টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়। কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নের (সিবিএ) একজন প্রতিনিধি প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি নিয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।’