গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন সাত দিন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সাত দিন ধরে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত রোববার হাসনাবাদ এলাকায় গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের একটি পাইপে ফাটল দেখা দেওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সপ্তাহ পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত পাইপটি মেরামত করতে পারেনি তিতাস কর্তৃপক্ষ।
এদিকে গ্যাস না পেয়ে কেরানীগঞ্জের ২৫ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। গত শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, তিতাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম। এ সময় তাঁরা কেরানীগঞ্জবাসীর এ অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন। শিগগিরই ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত করা হবে বলে জানানো হয়।
কয়েকজন এলাকাবাসী জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগের সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারী হাসনাবাদ এলাকায় নিজ জমির ওপর বহুতল ভবন নির্মাণের জন্য প্রায় এক মাস আগে পাইলিংয়ের কাজ শুরু করেন। গত রোববার পাইলিংয়ের সময় প্রায় ২০ ফুট মাটির নিচে অবস্থিত তিতাসের প্রধান সঞ্চালন পাইপে ফাটল দেখা দেয়। খবর পেয়ে তিতাসের স্থানীয় কর্মকর্তারা ওই দিন বিকেল থেকেই মেরামতকাজ শুরু করেন। প্রথম দফায় একটি কোম্পানিকে মেরামতের কাজ দিলেও তিন দিন পর ব্যর্থ হয়ে তারা ফিরে যায়। এরপর গত বুধবার আরেকটি প্রতিষ্ঠানকে ত্রুটি মেরামতের কাজ দেওয়া হয়। কিন্তু তারাও যথাসময়ে কাজ শেষ করতে পারেনি।
তিতাসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুর বারী জানান, প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বৃষ্টির পানির কারণে কাজ করতে অসুবিধা হচ্ছে।