গ্যাস-সংযোগের অপেক্ষায় ৬৩ হাজার গ্রাহক
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) অধীনে ৬৩ হাজার ২৫৩ নতুন গ্রাহক আবাসিক গ্যাস-সংযোগের অপেক্ষায় রয়েছেন। নতুন করে গ্যাস-সংযোগ পাওয়ার আশায় প্রতিদিনই কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাপুর প্রধান কার্যালয়ে ভিড় করছেন আবেদনকারীরা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ মে আবাসিক গ্যাস-সংযোগ বন্ধের আদেশ প্রত্যাহার করে নেন। গতকাল বুধবার দুপুরে ওই কার্যালয়ে গিয়ে নতুন গ্রাহকদের ভিড় দেখা গেছে।বিজিডিসিএলের মহাব্যবস্থাপক (বিপণন) মো. এহসানুল হক পাটওয়ারী বলেন, ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ৭ মে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার পর থেকে প্রতিদিন আবেদনকারীর সংখ্যা বেড়েই চলছে। বাখরাবাদে ২০১০ সালের জুলাই মাস পর্যন্ত ৫০ হাজার ২১৪ জন গ্রাহকের আবেদন জমা ছিল। চলতি বছরের ৭ মের পর থেকে জুলাই মাস পর্যন্ত ২৩ হাজার ৫২৬ জন সংযোগের জন্য নতুন করে আবেদন করেন। সব মিলিয়ে ৭৩ হাজার ৭৪০ জন গ্রাহক গ্যাস-সংযোগের জন্য এ পর্যন্ত আবেদন করেছেন। এর মধ্যে ১০ হাজার ৪৮৭ জনকে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে।বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম সফিকুর রহমান বলেন, ‘বর্তমানে আমরা বর্ধিত চুলায় সংযোগ দিচ্ছি। ক্রমানুসারে নতুন গ্যাস-সংযোগ দেওয়া হবে। কোনোভাবেই ক্রম অমান্য করা হবে না। পর্যায়ক্রমে গ্রাহকেরা নতুন গ্যাস-সংযোগ পাবেন। এ জন্য নতুন করে ২৬ হাজার রাইজারের জন্য দরপত্র-প্রক্রিয়া শেষ হয়েছে। এরই মধ্যে ১৪ জন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। শিগগিরই নতুন সংযোগ দেওয়া শুরু হবে।’