গ্যাস-সংযোগের আবেদনপত্রের জন্য রাজশাহীতে ব্যাংকে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরের ব্যবসায়ী খন্দকার হাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত সারিতে অপেক্ষা করে গ্যাস-সংযোগের আবেদনপত্র হাতে পেয়েছেন। আবেদনপত্র হাতে পাওয়ার পর বললেন, দীর্ঘ প্রতীক্ষার পর গ্যাস-সংযোগের আবেদনপত্র পাওয়া অনেক আনন্দের। রাজশাহীতে গত বুধবার দুপুর থেকে অগ্রণী ব্যাংকের মাধ্যমে গ্যাস-সংযোগের আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। গ্রাহকেরা ব্যাংকে ১০০ টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করছেন। গতকাল বেলা একটার মধ্যে দুই হাজার ২০০ আবেদনপত্র শেষ হয়ে গেছে। গতকাল দুপুরে অগ্রণী ব্যাংকের সাহেব বাজার শাখায় গিয়ে টাকা জমা দিয়ে রশিদ হাতে অনেককে আবেদনপত্র না পেয়ে ঘোরাঘুরি করতে দেখা গেছে। নগরের তেরখাদিয়া এলাকার ব্যবসায়ী জিলাল উদ্দিন আবেদনপত্র পাননি। তার পরও তিনি খুশি। তিনি বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন সরকার রাজশাহীতে গ্যাস-সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে। কিন্তু কেউই দেয়নি। তাই রাজশাহীর মানুষ বাসায় গ্যাস-সংযোগ পাবে, এটা অনেকটা দুরাশা ছিল। আজ সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।’ আবেদনপত্র কিনতে ব্যাংকে এসেছিলেন রাজশাহী জেলা ক্রীড়া কর্মকর্তা আ ফ ম ওবায়দুল হক। আবেদনপত্র পাননি। ব্যাংকের পক্ষ থেকে শনিবার আসতে বলা হয়েছে। তাঁর মতো অনেককে ব্যাংকে এসে নিরাশ হয়ে ফিরতে হয়েছে। কারণ, পুরো নগরের বাসিন্দাদের এই ব্যাংকের একটি শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ক্রীড়া কর্মকর্তা ওবায়দুল হক বলেন, শুধু একটা ব্যাংকের একটা শাখার মাধ্যমে এই আবেদনপত্র বিক্রির সিদ্ধান্ত ঠিক হয়নি। আরও কয়েকটি শাখায় এই ব্যবস্থা থাকলে মানুষের ভোগান্তি কম হতো। আবেদনপত্রের জন্য ব্যাংকে এসেছিলেন নগরের কাজলা এলাকার কলেজশিক্ষক মাহফুজুর রহমান। আবেদনপত্র শেষ হয়ে গেছে শুনে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার এই গ্যাস-সংযোগের আবেদনপত্র সোনার হরিণ বলে মনে হচ্ছে। অগ্রণী ব্যাংকের রাজশাহীর সহকারী মহাব্যবস্থাপক রেজাউল শরীফ বলেন, তাঁরা দুই হাজার ২০০ আবেদনপত্র পেয়েছিলেন। দুদিনে সব শেষ হয়ে গেছে। আরও পাঁচ হাজার আবেদনপত্র দিতে তাঁরা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিকে জানিয়েছেন। শনিবার থেকে আবার আবেদনপত্র বিতরণ করা হবে। গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, আবেদনপত্রের কোনো সমস্যা নেই। আরও পাঁচ হাজার আবেদনপত্র পাঠানো হচ্ছে। আবেদনপত্র পাওয়ার ক্রমানুসারে সংযোগ দেওয়া হবে।

সিটি করপোরেশনের সদ্যবিদায়ী মেয়র রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী রাজশাহীতে গ্যাসের ব্যবস্থা করতে পেরেছি।’