গ্যাস-সংযোগের দাবি, পাতিল নিয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংযোগ দেওয়ার দাবিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া ও সদরখলা গ্রামের মানুষ হাঁড়ি-পাতিলসহ রান্নার উপকরণ নিয়ে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল সোমবার সকালে তাঁরা গ্রাম দুটির সামনের রাস্তায় এসব কর্মসূচি পালন করেন। স্থানীয় ব্যক্তিরা জানান, দক্ষিণ সুরমা উপজেলার অনন্তপুর গ্রামে গ্যাসের নুতন সংযোগ দেওয়ার জন্য জালালাবাদ গ্যাস কোম্পানির কর্মীরা খানুয়া ও সদরখলা গ্রামে পাইপলাইন বসানোর কাজ করছিলেন। অনন্তপুর গ্রামটি ওই দুই গ্রামের পাশে। গতকাল এ বিষয়টি জানাজানি হলে এ দুই গ্রামের বাসিন্দারা পাইপলাইন বসানোর কাজ বন্ধ করে দেন। পরে তাঁরা হাঁড়ি-পাতিলসহ রান্নার উপকরণ নিয়ে মানববন্ধন করেন। এক ঘণ্টার মানববন্ধন শেষে গ্যাস-সংযোগের দাবিতে মিছিল করে সবাই সমাবেশে মিলিত হন। সমাবেশে সভাপতিত্ব করেন মঈনুল ইসলাম। এতে দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান গোলাম হোসেন এবং ওই দুই গ্রামের পক্ষে খালেদুল ইসলাম ও মালিকুল ইসলাম বক্তৃতা করেন।