গ্যাস-সংযোগের দাবিতে সালদা গ্যাসক্ষেত্র ঘেরাও
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরসহ আশপাশের এলাকায় গ্যাস-সংযোগ দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার সালদা গ্যাসক্ষেত্র ঘেরাও করা হয়। কসবা গ্যাস-সংযোগ সর্বদলীয় বাস্তবায়ন পরিষদ এ কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে পরিষদের নেতারা ২০ জুন রেলপথ অবরোধের ঘোষণা দেন। এদিকে সালদা গ্যাসক্ষেত্রে ভাঙচুর বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে, সে জন্য গতকাল নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সফিউর রহমানের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান সার্বক্ষণিক উপস্থিত ছিলেন। কসবা উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে সালদা গ্যাসক্ষেত্র এলাকায় সকাল থেকে লোকজন জমায়েত হতে থাকেন। পুলিশের বাঁশের বেষ্টনীর কারণে আন্দোলনকারীরা গ্যাসক্ষেত্রের ফটক পর্যন্ত যেতে পারেননি। তবে তাঁরা সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত আশপাশের এলাকা অবরোধ করে রাখেন। এ সময় কসবা সর্বদলীয় গ্যাস বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, সদস্যসচিব ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি এম জি হাক্কানী, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হুদা প্রমুখ। অবরোধ শেষে তাঁরা সালদা গ্যাসক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমানের মাধ্যমে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন।পরিষদের আহ্বায়ক রুহুল আমিন ভূঁইয়া বলেন, দীর্ঘ আন্দোলনের পর ২০১১ সালের ৭ ডিসেম্বর কসবায় গ্যাস-সংযোগ দিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পেট্রোবাংলাকে জরিপ করার নির্দেশ দেয়। এরপর প্রায় দেড় বছর পার হলেও এলাকার মানুষ গ্যাস পায়নি। গ্যাস-সংযোগের দাবিতে ২০ জুন কসবা রেলস্টেশন এলাকায় রেলপথ অবরোধ করা হবে।