গ্যাস সরবরাহ কম, যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস সরবরাহ কমে যাওয়ায় জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় গতকাল সোমবার রাতে এনজি বোস্টার যন্ত্র বিকল হয়ে যায়। এ কারণে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে ইরি-বোরো মৌসুমে ১৯ জেলায় সার-সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবা সুলতানা বলেন, ৭ ফেব্রুয়ারি থেকে কারখানায় এনজি বোস্টার (ন্যাচারাল গ্যাস কমপ্রেসর যন্ত্র) দিয়ে উৎপাদন ধরে রাখা হয়েছিল। এনজি বোস্টার বিকল হয়ে যাওয়ায় কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে। তীব্র সার-সংকটের আশঙ্কা রয়েছে।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) অবস্থিত। ১৯৯১ সালে কারখানা স্থাপনের সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার গ্যাস সরবরাহ নিয়ে একটি চুক্তি সই হয়। সে চুক্তি কারখানায় ৩৭০ পিএসআই চাপে গ্যাস সরবরাহ দেওয়ার কথা ছিল।
কারখানায় ৩৭০ পিএসআই চাপে গ্যাস সরবরাহ না করে ১৯০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) চাপে গ্যাস দেওয়া হচ্ছে। কারখানায় গ্যাসের চাপ ২২০ পিএসআইয়ে নেমে এলে সার উৎপাদন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
গ্যাস সরবরাহ বৃদ্ধি করা না করায় গতকাল সোমবার রাত নয়টায় এনজি বোস্টার বিকল হওয়ায় কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
ফলে এ অর্থবছরে কারখানায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। কারখানায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কায় ১৯ জেলায় ইরি-বোরো মৌসুমে সার-সংকটের আশঙ্কাও রয়েছে।
১ ফেব্রুয়ারি থেকে কারখানায় গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়। গ্যাসের চাপ বিপৎ​সীমার নিচে চলে আসায় ৭ ফেব্রুয়ারি থেকে কারখানায় এনজি বোস্টার দিয়ে উৎপাদন অব্যাহত রাখা হয়েছিল।
গ্যাস সরবরাহ কম থাকার কারণে কারখানায় প্রতিদিন প্রায় এক কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন কম হয়ে আসছিল।
২০১৬-২০১৭ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডকে (জেএফসিএল) চার লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন।
আজ মঙ্গলবার পর্যন্ত কারখানায় ২ লাখ ১৯ হাজার ১৮১ মেট্রিক টন সার উৎপাদন হয়েছে। মজুত রয়েছে ২ হাজার ৬০০ মেট্রিক টন সার।