গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা নোটিশে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় গতকাল বৃহস্পতিবার চরম ভোগান্তি পোহাতে হয় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর একাংশের প্রায় ৫০ হাজার গ্রাহককে। গ্যাসের অভাবে বাসাবাড়িতে রান্না হয়নি। আকস্মিক গ্যাসসংকটে বিপাকে পড়ে শহরের রেস্তোরাঁগুলো।
নোয়াখালী শহর ও বিভিন্ন উপজেলার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আকস্মিকভাবে গ্যাস বন্ধ হয়ে যায়। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী কার্যালয়ে যোগাযোগ করেও এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
গতকাল রাত আটটা পর্যন্ত গ্যাস সরবরাহ ঠিক হয়নি।
শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ঘোষণা ছাড়া এভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে গ্রাহকদের ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি। খোঁজ নিতে বাখরাবাদের কার্যালয়ে গেলেও কখন সরবরাহ চালু হবে তা-ও নিশ্চিত করে বলতে পারেননি কর্মকর্তারা।
শহরের ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বেশির ভাগ বাড়িতে বৃহস্পতিবার দুপুরে রান্না হয়নি। খাবারের দোকানে এসেও অনেকে খাবার কিনতে পারেননি। গ্যাস না থাকায় রেস্তোরাঁগুলোকে লাকড়ির চুলায় রান্না করতে হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে নোয়াখালী অঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক কম। এ অবস্থায় বিভিন্ন এলাকার গ্রাহক ঠিকমতো গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ করে আসছিলেন। এ পরিস্থিতিতে গ্যাসলাইনের রক্ষণাবেক্ষণ কাজে হাত দেওয়া হয় দুই দিন আগে।
সূত্র জানায়, প্রথম দুই দিন লাইনে গ্যাসের চাপ কিছুটা কমিয়ে রক্ষণাবেক্ষণ কাজ করা হয়। এতে গ্রাহকদের তেমন সমস্যা হয়নি। যে কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিষয়ে আগেভাগে ঘোষণা দেওয়ারও প্রয়োজন হয়নি। কিন্তু গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি ত্রুটির কারণে বাধ্য হয়ে পুরো লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে রক্ষণাবেক্ষণকাজ করতে হয়। এতে ফেনীর একাংশ এবং নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার প্রায় ৫০ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, দ্রুত গ্যাস সরবরাহ চালু করার চেষ্টা চলছে।