১০ বছর পর আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোরে আসছেন। প্রধানমন্ত্রী এলে নাটোরবাসীর পক্ষ থেকে তাঁর কাছে গ্যাস সরবরাহসহ চারটি দাবি জানানো হবে। জেলা প্রশাসন ও দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিকেলে শহরের কানাইখালি মাঠে জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক হানিফ আলী শেখের স্মরণসভায় যোগ দেবেন। এ ছাড়া তিনি শহরের ডিয়ারভিটা এলাকার ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজেরও উদ্বোধন করবেন।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেশ কিছুদিন ধরে যারপরনাই ব্যস্ত। শহরের ভাঙাচোরা রাস্তাঘাট রাতারাতি সংস্কার করা হয়েছে। নাটোর শহরকে কেন্দ্র করে ২০ কিলোমিটারজুড়ে কয়েক শ তোরণ নির্মাণ, অসংখ্য ব্যানার ও ফেস্টুন ঝোলানো হয়েছে।আজ প্রধানমন্ত্রীর কাছে নাটোরবাসীর পক্ষ থেকে নাটোরে গ্যাস সরবরাহ, নলডাঙ্গা থানাকে উপজেলা ঘোষণা, শহর বাইপাস নির্মাণ ও ভরাট হয়ে যাওয়া কয়েকটি নদী খননের প্রতিশ্রুতি চাওয়া হবে। জেলা আওয়ামী লীগের নেতারা দফায় দফায় বৈঠক করে এসব দাবির ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন।জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান বলেন, ‘শেখ হাসিনা সর্বশেষ ২০০১ সালে নাটোরে এসেছিলেন। দীর্ঘদিন পর তিনি নাটোরে আসছেন। এ কারণে এলাকাবাসীর মধ্যে অনেক প্রত্যাশা। আশা করছি নেত্রী এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করবেন।’স্মরণসভা না সংবর্ধনাসভা?স্মরণসভা উপলক্ষে প্রধানমন্ত্রী নাটোরে আসার কথা থাকলেও স্থানীয় নেতা-কর্মীরা তোরণ নির্মাণ, ব্যানার ও ফেস্টুন ঝুলিয়ে শহর বর্ণিল করে তুলেছেন। তবে জেলা আওয়ামী লীগ প্রস্তুতি সভা করে অনুষ্ঠানের ভাবমূর্তি রক্ষার আহ্বান জানিয়েছিল। রঙিন ব্যানার-পোস্টার তৈরি করতেও নিষেধ ছিল। এর পরও যে যেভাবে পেরেছে সভাস্থলের আশপাশে রঙিন তোরণ, ব্যানার ও পোস্টার সাঁটিয়েছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম বলেন, স্মরণসভার ভাবমূর্তি রক্ষার তাগিদ দেওয়া সত্ত্বেও যাঁরা এটা করেছেন, তাঁরা দলের সিদ্ধান্ত অমান্য করে করেছেন। এটা অনুচিত।