গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুলিশসহ দগ্ধ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের খালিশপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের এক কনস্টেবল ও তাঁর পরিবারের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মুজগুন্নী আবাসিক এলাকার ভাড়া বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন কনস্টেবল আতিয়ার রহমান (৪৫), তাঁর স্ত্রী আনোয়ারা খাতুন (৩৩), তাঁদের ছেলে তৌফিক (১৫) ও আতিয়ারের ভায়রার ছেলে তামিম (১৫)। আতিয়ার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গাড়িচালক।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আনোয়ারার শরীরের প্রায় ৬৫ শতাংশ, তৌফিকের ৭০ শতাংশ এবং অন্য দুজনের ১০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে। গুরুতর দগ্ধ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্য দুজনের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে।
সরেজমিনে দেখা গেছে, বাড়ির তৃতীয় তলায় আতিয়ারের ভাড়া বাসায় রান্নাঘরের ও পাশের শয়নকক্ষের জানালার কাচ উড়ে গেছে। বারান্দা-সংলগ্ন কক্ষে দরজা ও থাই জানালা ভেঙে গেছে। ওই অংশের কার্নিশ ভেঙে পড়েছে। রান্নাঘরের পাশের দেয়ালের কিছু অংশ বিস্ফোরণে ভেঙে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গত শুক্রবার রাতে গ্যাসের সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে কক্ষে গ্যাস ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে সাতটার দিকে আনোয়ারা চুলা ধরাতে গেলে আগুন ধরে যায়। আতিয়ার তাঁর স্ত্রীকে উদ্ধারে এগিয়ে গেলে তিনিও দগ্ধ হন। তৌফিক ও তামিম তাঁদের উদ্ধার করতে গেলে তারাও দগ্ধ হয়। তাঁদের চিৎকারে শোনে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।