গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মেয়ে দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি বাসার রান্নাঘরে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মেয়ে দগ্ধ হয়েছে। গতকাল শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুজন হলেন রাজু (২৪) ও তাঁর এক বছর বয়সী মেয়ে ঐশী। তাদের প্রথমে নেভি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ প্রথম আলোকে জানান, আগুনে ঐশীর শরীরের ৫৫ শতাংশ ও রাজুর ৩২ শতাংশ পুড়ে গেছে। তাদের শ্বাসনালির অংশ বেশি পুড়েছে। তারা এখনো শঙ্কামুক্ত নয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য জাহিদ হোসেন প্রথম আলোকে জানান, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। তিনি জানান, ঐশীর মা পোশাক কারখানায় কাজ করেন। দুর্ঘটনার সময় তিনি কারখানায় ছিলেন।