গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন রাজশাহী ক্যাডেট কলেজের কর্মচারী ওয়াহিদুজ্জামান (৪০), মঞ্জুর রহমান (৩০), গ্যাস বেলুন ব্যবসায়ী ফয়সাল (২০) ও রবিউল ইসলাম (৪০)। এঁদের মধ্যে কলেজের দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
রাজশাহী ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট মেজর মোবাশশির হায়দার বলেন, ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যানার ওড়ানোর জন্য ওই দুজন বেলুন ব্যবসায়ী সকাল থেকে বেলুন ফোলানোর কাজ করছিলেন। এ সময় কলেজের কর্মচারী ওয়াহিদুজ্জামান ও মঞ্জুর তাঁদের পাশেই দাঁড়িয়ে ছিলেন। বেলুন ফোলানোর কাজ প্রায় শেষের দিকে থাকা অবস্থায় একটি সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ওই চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বার্ন ইউনিটের নার্স আবিদা সুলতানা বলেন, আহত রোগীদের মধ্যে মঞ্জুর ও ওয়াহিদুজ্জামানের অবস্থা গুরুতর।