গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি স্বর্ণের দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ওই দোকানের তিন কর্মচারীর একজন মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ৪ অক্টোবর তিনি দগ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ বণিক ওরফে বিষু বণিক (৩২)। তাঁর বাড়ি কুমিল্লা জেলা সদরের ছাতিপট্টি এলাকায়। তাঁর বাবার নাম বিপুল বণিক। বিষু বরদিয়া আড়ং বাজারের নয়ন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলেন।
ওই বাজারের তিন-চারজন দোকানি বলেন, ৪ অক্টোবর বেলা ১১টায় বরদিয়া আড়ং বাজারের নয়ন জুয়েলার্সের ভেতরে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে দোকানটিতে আগুন ধরে যায়। পুড়ে যায় গোটা দোকান। আগুনে দগ্ধ হন ওই দোকানের কর্মচারী নন্দন বণিক (৩৫), বিষু বণিক (৩২) ও নয়ন বণিক (৩৫)। নন্দন, বিষু ও নয়নকে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা ওই দিনই প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।
নয়ন জুয়েলার্সের মালিক দিলীপ বণিক বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাতটায় হাসপাতালে তাঁর দোকানের কর্মচারী বিষু বণিক মারা গেছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, দগ্ধ অন্য দুই কর্মচারীর অবস্থাও আশঙ্কাজনক।