গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারী অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারী অগ্নিদগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গতকাল বুধবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রান্নাঘরে এই বিস্ফোরণের পর পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাঙ্গা পৌরসভার হিসাবরক্ষক কাওছার মিয়া উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন। গতকাল সকালে তাঁর স্ত্রী কণা কাওছার (৪০) ও গৃহকর্মী নাহার বেগম (৩৫) রান্নাঘরে পুরোনো সিলিন্ডার পাল্টে নতুন সিলিন্ডার থেকে চুলায় সংযোগ নেওয়ার সময় নতুন সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ঘরে আগুন ছড়িয়ে পড়লে ওই দুজন অগ্নিদগ্ধ হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমরান হোসেন জানান, অগ্নিদগ্ধ নারীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।