গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগানে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গতকাল বুধবার সকালে দুজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে স্থানীয় একটি ওয়ার্কশপের মালিক কামাল হোসেনকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ আরেকজন আনিছুর রহমানকে (২২) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত ঘটনাটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
বার্ন ইউনিটে কামাল হোসেনের ছেলে ইমদাদুল হক বলেন, কলাবাগানের লেকসার্কাসে তাঁদের বাসার কাছেই কামাল মোটরস নামে একটি ওয়ার্কশপ আছে। এর পাশে একটি খাবার হোটেল রয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তাঁর বাবা ওয়ার্কশপ খোলেন। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে হোটেলের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আগুন তাঁদের ওয়ার্কশপ পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় একটি গাড়ি সরাতে গিয়ে তাঁর বাবা দগ্ধ হন। একই ঘটনায় ওয়ার্কশপের পাশ দিয়ে যাওয়ার সময় আনিছুর রহমান দগ্ধ হন।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত একজন চিকিৎসক বলেন, কামাল হোসেনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। আনিছুর রহমানের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।