গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
নড়াইলের কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামে গতকাল বৃহস্পতিবার ঘোড়দৌড়ের মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
নিহত ব্যক্তির নাম মুন্না শেখ (৩৭)। আহত ব্যক্তিরা হলেন উপজেলার নোয়াগ্রামের আইউব শেখের ছেলে সাইফুল শেখ (২২), রামনগর গ্রামের খলিল শেখের ছেলে সোহেল (২৮), কাঠিয়াপাড়া গ্রামের মিজানুর শেখের ছেলে মিলন (৯), কলাবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রওশন (৭), কালনা গ্রামের রিপন মণ্ডলের মেয়ে সুচিতা (২২)। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ইদ্রিস শেখ জানান, মুন্না শেখ একজন গ্যাসবেলুন বিক্রেতা। তিনি গতকাল বেলা তিনটার দিকে হাড়িডাঙ্গা গ্রামে ঘোড়দৌড়ের মেলায় গ্যাসবেলুন বিক্রি করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুন্নাসহ ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মুন্না শেখ মারা যান।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে বলেন, ঘোড়দৌড়ের মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।