গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা একটার দিকে ওই গ্রামের জাকির আমিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রেফ্রিজারেটরের মেকানিক আরমান হোসেন (২৮) ও তাঁর সহকারী ফয়েজ (১৫)। বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে আরমান। আর ফয়েজের বাড়ি জিরতলী ইউনিয়নের বিজয়নগর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রেফ্রিজারেটর মেকানিক আরমান ও তাঁর সহকারী ফয়েজ লাউতলী গ্রামের ওই বাড়িতে ফ্রিজের কমপ্রেসর মেরামত করতে যান। মেরামতের একপর্যায়ে তাঁদের সঙ্গে নেওয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান।

এ বিষয়ে বিকেলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-উর-রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ দুটি এখনো ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।