গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের ব্র্যাক মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল সোমবার রাতে একটি বাসের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ঢাকাগামী একটি নৈশকোচ (ঢাকা-মেট্রো-ব-১৪-৩০১৬) রাত সাড়ে নয়টার দিকে পলাশবাড়ী শহরের ব্র্যাক মোড় এলাকায় এলে হঠাৎ একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে দুই যাত্রী দগ্ধ হন। আতঙ্কিত হয়ে বাস থেকে নামার সময় অন্তত তিন যাত্রী আহত হন। পরে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা
করেন। রাত ১১টার দিকে আগুন নেভাতে পারেন। আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।
রাত ১০টার দিকে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত তিনজন যাত্রী আহত ও দুজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। যাত্রীদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।