গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁদের ছেলে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাহিননগর গ্রামের মো. নাছির (৩৫), তাঁর স্ত্রী জুলেখা (২৮), ছেলে জুয়েল (৮) ও মেয়ে জুঁইকে (৬) নিয়ে মধুখালী উপজেলার মেছড়দিয়া এলাকায় ভাড়া বাড়িতে গ্যাস লাইটে গ্যাস ভরার ব্যবসা করতেন। ৮ সেপ্টেম্বর সকালে নাছির তাঁর স্ত্রী জুলেখার সঙ্গে ঘরের মধ্যে লাইটারে গ্যাস ভরার কাজ করছিলেন। ছেলে জুয়েল খেলার ছলে অসাবধানতাবশত ম্যাচের কাঠি ধরালে গ্যাসে আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ওই তিনজন গুরুতর আহত হয়।এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। অবস্থার অবনতি হলে ওই দিনই তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মধুখালী ইউপির চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমদ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির চার দিন পর সোমবার সন্ধ্যা ছয়টার দিকে প্রথমে মো. নাসির ও এক ঘণ্টা পর জুলেখা মারা যান। গতকাল মঙ্গলবার সকালে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁদের জানাজা শেষে নিজ বাড়ি বোয়ালমারী উপজেলার বাহিননগর গ্রামের কবরস্থানে বেলা সাড়ে ১১টার দিকে দাফন করা হয়েছে।