গ্যাস সিলিন্ডারের আগুনে দম্পতি দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে আজ শুক্রবার বিকেলে গ্যাস সিলিন্ডারে রান্না করতে গিয়ে মো. রনি (৩৫) ও মোছাম্মৎ শাহানা (২৫) নামের এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, এ দম্পতি মিরপুর ১২ নম্বরে ডি ব্লকের ২৯ নম্বর লাইনের ছয়তলা বাড়ির তিনতলায় থাকেন। বাড়িটি নতুন বলে সেখানে গ্যাস লাইন যায়নি। সেখানকার বাসিন্দারা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করেন। আজ বিকেল চারটার দিকে শাহানা রান্না করতে গ্যাস সিলিন্ডারযুক্ত চুলায় আগুন জ্বালান। তখন সিলিন্ডারের লাইন থেকে আগুনের ফুলকি বের হয়ে তার কাপড়ে ধরে যায়। তখন তাঁর চিৎকারে স্বামী রনি তাঁকে রক্ষা করতে গেলে তিনিও দগ্ধ হন। তখন আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসকেরা সাংবাদিকদের জানান, শাহানার শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। আর রনি সামান্য পুড়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কীভাবে ওই দম্পতি দগ্ধ হলেন, তা এখন পর্যন্ত জানতে পারিনি।’