গ্যাস সিলিন্ডারের আগুনে পিতা-পুত্র দগ্ধ

রাজধানীর হাজারীবাগের গনকটুলীতে একটি খাবারের হোটেলে অগ্নিকাণ্ডে পিতা–পুত্রসহ তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন দোকানটির মালিক জয়নাল আবেদীন (৬৫), তাঁর ছেলে মো. শহিদ (৪০) ও কর্মচারী মো. সজীব (২২)।

গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জয়নাল আবেদীনের বড় ছেলে শাহীন প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি গনকটুলীতে। বাড়ির পাশে তাঁর বাবার একটি ছোট খাবারের হোটেলে রয়েছে। দোকানটিতে সকালে রুটি ও সবজি এবং বিকেলে পুরি ও শিঙাড়া বিক্রি করা হতো। এই দোকানে আজ দুপুরে সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। এতে তাঁর বাবা, ভাই ও দোকানের একজন কর্মচারী দগ্ধ হন। এ সময় আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করেন। পরে এই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, দগ্ধ তিনজনের মধ্যে মো. শহিদের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান বলেন, শহিদের শরীরের ৪১ শতাংশ, জয়নাল আবেদীনের ১০ শতাংশ ও সজীবের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের মধ্যে শহিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।