গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন, আহত ২
নগরের বন্দর থানাধীন ফকিরহাট এলাকায় অনুমোদনহীন একটি গ্যাস সিলিন্ডারের গুদামে আগুনে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। গত শনিবার গভীর রাতে গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণে সিলিন্ডার মজুদ করে রাখা কক্ষ, পাশের কক্ষ ও সিঁড়িঘরের ব্যাপক ক্ষতি হয়। আহত দুজন হলেন মুদি দোকানি মফিজ ও শ্রমিক ইসলাম। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া বন্দর ফায়ার স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ফকিরহাটের দ্বিতল মফিজা মার্কেটের নিচতলায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই গোপনে গ্যাস সিলিন্ডারের গুদামটি করা হয়। এখানে প্রায় ১০০ পুরোনো গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর প্রচণ্ড বিস্ফোরণে কক্ষটির দেয়াল ও ছাদ এবং পার্শ্ববর্তী সিঁড়িঘরের একাংশের দেয়াল দুমড়েমুচড়ে যায়।’