গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দিনাজপুরে
দিনাজপুরে সরকারি এলপি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় দেড় মাসে কোম্পানিগুলো থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে না বলে পরিবেশকেরা অভিযোগ করেছেন। তবে জেলা প্রশাসন বলছে, দাম বাড়ানোর অজুহাতে পরিবেশকেরাই সিলিন্ডার তুলছে না।
শহরের ঈদগাহ আবাসিক এলাকার গৃহবধূ শামিমা সুলতানা বলেন, রান্নার জন্য মাসে অন্তত একটি গ্যাস সিলিন্ডার কিনতে হয়। বেসরকারি প্রতিষ্ঠানের একটি সিলিন্ডারের দাম এক হাজার ৬০০ টাকা। সরকারি সিলিন্ডারের দাম ৭৫০ টাকা। কিন্তু দুই মাস ধরে সরকারি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।
ক্ষেত্রীপাড়া এলাকার কলেজ শিক্ষক মারুফা বেগম জানান, দুই মাসে একটি সিলিন্ডারও পাননি তিনি। তার আগে দুই মাসে দুটি সিলিন্ডার কিনলেও গ্যাস কম ছিল, মাত্র তিন দিন করে রান্না হয়েছে। অভিযোগ করা হলে কোম্পানির বিক্রয় প্রতিনিধি জানান, ‘মাল বদল বা ফেরত নেওয়া সম্ভব নয়। নেওয়ার সময় দেখে নেওয়া উচিত ছিল।’
দিনাজপুরের পুলহাট এলাকার সরকারি গ্যাস সিলিন্ডারের (পদ্মা অয়েল) বিক্রয় প্রতিনিধি মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্সের মালিক কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ১০ বছর আগে ডিজেলের লিটার ছিল নয় টাকা। ওই সময় সরকারি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ৭৫০ টাকা। কিন্তু বর্তমানে একটি গ্যাস সিলিন্ডার বাঘাবাড়ী বা বগুড়া ডিপো থেকে আনতে খরচ হয় ১৫০ টাকা। ফলে এর দাম পড়ে ৮৫০ টাকা।
চকবাজারের মুক্তি বাণিজ্যালয়ের জামানুর রশিদ জানান, আগে চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো গ্যাস সরবরাহ করত। কোনো অভিযোগ ছিল না। এখন বেসরকারি কোম্পানিগুলো বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রি শুরুর পর থেকে নানা সংকট শুরু হয়েছে। মাসে ৩০ থেকে ৪০টির বেশি সিলিন্ডার পাওয়া যায় না। অথচ তাঁর গ্রাহকের সংখ্যা পাঁচ শতাধিক বলে জানান তিনি।
উপশহর এলাকার যমুনা অয়েল কোম্পানির সিলিন্ডার পরিবেশক আবুল বাশার অভিযোগ করে বলেন, তৈরির পর থেকে সরকারি গ্যাস সিলিন্ডারগুলো পরিষ্কার করা হয়নি, ময়লা জমাট বেঁধেছে। ফলে মাপমতো গ্যাস ধরে না। অনেক সিলিন্ডারের বাল্ব নষ্ট, আবার ক্ষুদ্র ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে যায়। ৫০টি সিলিন্ডারের মধ্যে চারটিতে এ ধরনের সমস্যা থাকবেই।
মেসার্স লুৎফা এন্টারপ্রাইজের মালিক জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান বলেন, বর্তমানে দিনাজপুরে মাসে গ্যাস সিলিন্ডারের চাহিদা ১০ হাজার। পাঁচ বছর আগে সরকারি সরবরাহ আসত তিন-চার হাজার। এখন ৫০০-এর বেশি আসে না।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী প্রথম আলোকে বলেন, দিনাজপুরের অনেক ভোক্তা তাঁর কাছে সরকারি গ্যাস সিলিন্ডার সংকটের অভিযোগ করেছেন। প্রশাসনের উদ্যোগে তদন্ত করে দেখা গেছে, নানা সমস্যার মধ্যে পরিবেশকেরা নিজেরাও গ্যাস আনছেন না। তা ছাড়া মাসে যে পরিমাণ সিলিন্ডার তাঁরা কোম্পানি থেকে পান, এর বেশির ভাগ বেশি দামে বাইরে বিক্রি করে দেন বলে অভিযোগ আছে। ১৬ সেপ্টেম্বর বিকেলে জেলার সরকারি গ্যাস সিলিন্ডার পরিবেশকেরা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। তাঁরা লিখিতভাবে সংকটের কারণগুলো উল্লেখ করে সমাধানের কিছু সুপারিশ করেছেন। এর মধ্যে সিলিন্ডারের বর্তমান মূল্য ৭৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ১০০ টাকা করার দাবিও করেছেন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে সরকারি কোম্পানিগুলোর সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান।