গ্যাস সিলিন্ডারের দাম এক সপ্তাহে বাড়ল ৭০-১০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে জয়পুরহাটে বিভিন্ন কোম্পানির তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। সাত দিনের ব্যবধানে ক্রেতাদের কাছ থেকে সিলিন্ডারপ্রতি ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।
হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। তবে খুচরা গ্যাস সিলিন্ডার বিক্রেতারা বলছেন, কোম্পানির ডিলারদের কাছ থেকে বেশি দামে কিনে তাঁরা সামান্য লাভে তা বিক্রি করছেন।
জয়পুরহাট সদরের বিভিন্ন গ্যাস কোম্পানির ডিলার, খুচরা বিক্রেতা ও ক্রেতারা জানিয়েছেন, সাত দিন আগে যমুনা কোম্পানির প্রতিটি ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়েছে ৮৮০ টাকায়। সেই গ্যাস সিলিন্ডার বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৯৫০ টাকায়। বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৯০০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। ক্লিনহিট এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ৯২০ টাকা দরে, এখন বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। টোটাল গ্যাস বর্তমানে ৯৬০ থেকে ৯৮০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। ওমেরা কোম্পানির সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।
বিশ্বাসপাড়া এলাকার কে এম শাহিন ইকবাল বলেন, ১০ দিন আগে যমুনা কোম্পানির গ্যাস সিলিন্ডার কিনেছেন ৮৮০ টাকায়। সেই গ্যাস সিলিন্ডার এখন কিনতে হচ্ছে ৯৫০ টাকায়।
কলেজ রোড এলাকার খুচরা গ্যাস সিলিন্ডার বিক্রেতা সিথি এন্টারপ্রাইজের বিক্রয়কর্মী ইউনুস আলী বলেন, বিভিন্ন কোম্পানির ডিলারদের কাছ থেকে এক সপ্তাহ ধরে তাঁদের বেশি দামে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে। তাঁরা সামান্য লাভে খুচরা বিক্রি করছেন।
সততা মেশিনারিজের স্বত্বাধিকারী বেলাল হোসেন বলেন, সিলিন্ডারপ্রতি ৭০ থেকে ১০০ টাকা দাম বেড়েছে।
শহরের তাজ অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক সেলিম বলেন, তাঁরা যমুনা, বসুন্ধরা, ওমেরা কোম্পানির ডিলার। ৮-১০ দিন ধরে গ্যাস কোম্পানিগুলোতে ট্রাকে করে খালি সিলিন্ডার নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে চাহিদামতো গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে সেখানে ট্রাক নিয়ে দু-এক দিন অপেক্ষা করতে হচ্ছে। এতে ট্রাকের ভাড়া অনেক বেশি গুনতে হচ্ছে। ফলে লোকসান এড়াতে সামান্য বেশি দামে তাঁরা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। শহরের আরাফাত ট্রেডিংয়ের মালিক ও যমুনা কোম্পানির ডিলার আবুল কালাম আজাদও একই কথা বলেন।
মেসার্স জি এম চৌধুরী ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক এবং সরকারি ও বেসরকারি গ্যাস সিলিন্ডারের ডিলার গোলাম মুশফিকুর রহমান চৌধুরী বলেন, প্রায় ১৫ দিন থেকে তাঁরা সরকারি গ্যাস সিলিন্ডার সরবরাহ পাচ্ছেন না। বেসরকারি কোম্পানির গ্যাস সিলিন্ডার নিতে গিয়েও ট্রাক ভাড়া বেশি গুনতে হচ্ছে।