ভোলায় বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সেখানকার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের উৎপাদন ক্ষমতা বাড়ানো হয় ২০০৮ সালে। কিন্তু সুলভ জ্বালানির নিশ্চয়তা থাকা সত্ত্বেও প্রায় চার বছর পর বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের চুক্তি সই করল সরকার।গতকাল বৃহস্পতিবার ভোলায় ২১৮ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিকেলে বিদ্যুৎ ভবনের বিজয় হলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে নির্মাতাপ্রতিষ্ঠানের চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, ২০১৪ সালের শেষের দিকে এই কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। অথচ সস্তা জ্বালানির নিশ্চিত সংস্থান থাকায় এই কেন্দ্রটি আরও অনেক আগে স্থাপনের পদক্ষেপ নেওয়া যেত। তা না করায় গ্যাসক্ষেত্রটিও দীর্ঘদিন ধরে বসে আছে। অথচ যেখানে জ্বালানির সংস্থান নেই বা নিশ্চিত নয়, কিংবা তরল জ্বালানি দিয়ে বিদ্যুৎকেন্দ্র চালিয়ে বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে, সেসব কেন্দ্র স্থাপনে অগ্রাধিকার দিয়ে আসা হয়েছে। ভোলা কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে সোয়া তিন টাকা করে।ভারতীয় প্রতিষ্ঠান লানকো ইনফ্রাটেক লিমিটেড দরপত্রের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের ঠিকাদারি পেয়েছে। তাদের সহযোগী হিসেবে আছে ভোলা ইলেকট্রিসিটি প্রাইভেট লিমিটেড নামের একটি দেশীয় প্রতিষ্ঠান। চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান, ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।