গ্যাসক্ষেত্র বিদেশিদের হাতে দেওয়া বিশ্বাসঘাতকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংস্থার মাধ্যমে ‘সুনেত্র’ ও ‘রশিদপুর’ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ ময়মনসিংহ শহরে পৌঁছেছে।‘ঢাকা-সুনেত্র (সুনামগঞ্জ-নেত্রকোনা)’ অভিমুখী চার দিনব্যাপী লংমার্চ গতকাল শনিবার সকাল নয়টার দিকে গাজীপুর থেকে শুরু হয়। পথে গাজীপুর চৌরাস্তা, ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ী, ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড ও ত্রিশাল বাসস্ট্যান্ডে পথসভা, সমাবেশ ও মিছিল করে গণসংযোগ করে জাতীয় কমিটি।লংমার্চটি বিকেলে ময়মনসিংহ শহরে প্রবেশের পর মাসকান্দা এলাকা থেকে মিছিল নিয়ে ময়মনসিংহ রেলস্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, দেশের খনিজ সম্পদ রপ্তানিকরণ নিষিদ্ধ আইন করতে আমি সংসদে একটি বিল উত্থাপন করেছিলাম। কিন্তু তা পাস করা যায়নি। বর্তমান সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় তবে তা বিশ্বাসঘাতকতার শামিল হবে। জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, জাতীয় সম্পদ গ্যাস আমাদের প্রযুক্তি দিয়েই উত্তোলন করা সম্ভব। এ জন্য বিদেশিদের প্রয়োজন নেই। লংমার্চের পর আগামী নভেম্বরে জাতীয় কমিটির উদ্যোগে ঢাকায় মহাসমাবেশ করা হবে। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, আজকের পৃথিবীতে নিজ দেশের সম্পদ রক্ষার জন্য যে আন্দোলন চলছে আমাদের জাতীয় সম্পদ রক্ষার এই আন্দোলন তার সঙ্গে একীভূত হবে। সাম্রাজ্যবাদী কোনো লুণ্ঠন-প্রক্রিয়া আমাদের দেশে চলতে দেওয়া যায় না।জাতীয় কমিটি ময়মনসিংহ শাখার সদস্যসচিব মোকছেদুর রহমানের সভাপতিত্বে সাত দফা দাবি তুলে ধরে এর সপক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য দেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।কমিটির সাত দফা দাবির মধ্যে রয়েছে, স্থলভাগের ভবিষ্যৎ গ্যাসক্ষেত্রগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার জন্য আরেকটি জাল ‘পিএসসি ২০১১’ প্রক্রিয়া বন্ধ করা এবং ভবিষ্যতে কোনো পিএসসি না করা। এ ছাড়াও রপ্তানিমুখী পিএসসি ২০০৮ ও কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তিসহ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে জাতীয় কমিটির সাত দফা অবিলম্বে বাস্তবায়ন, বড়পুকুরিয়ার কৃষকদের ক্ষতিপূরণ আদায় ও জাতীয় সংসদে খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন অবিলম্বে পাস করার দাবি জানায় জাতীয় কমিটি।বিভিন্ন পথসভা ও সমাবেশে অংশ নেন এবং বক্তব্য দেন অধ্যাপক এম এম আকাশ, নাসিম আক্তার হোসাইন, খালেকুজ্জামান, বিমল বিশ্বাস, আকমল হোসেন, শাহ আলম, রুহিন হোসেন, বজলুর রশীদ, টিপু বিশ্বাস, সাইফুল হক, মোশরেফা মিশু, জুনায়েদ সাকী প্রমুখ। এ ছাড়া ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান খান লংমার্চের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।গত শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে লংমার্চটি যাত্রা শুরু করে। লংমার্চটি আজ রোববার সকালে সদর উপজেলার শম্ভুগঞ্জ মোড়ে সভা শেষে নেত্রকোনা শহরের জনসভায় যোগ দিতে রওনা হবে।