গ্যাসপাইপে ছিদ্র, ঝুঁকিতে ঢাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাসের জরুরি নিয়ন্ত্রণকেন্দ্রে পাইপলাইনে ছিদ্র থাকার অভিযোগ জমা পড়ছে মাসে গড়ে ৭০০টি। কর্মকর্তারাই বলছেন, গ্যাস-সংযোগ লাইনের যেকোনো জায়গা থেকে রান্নাঘরের চুলা পর্যন্ত কোথাও সামান্য একটি ছিদ্রও বড় বিপদ ডেকে আনতে পারে।
এ রকম ছিদ্র থেকেই রাজধানী ঢাকায় সাম্প্রতিক দুটি অগ্নিকাণ্ডে ১২ জন মারা গেছেন। আহত হয়েছেন এর দ্বিগুণ। ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে অগ্নিকাণ্ডের মোট ক্ষতি কমপক্ষে ২০ শতাংশের জন্য দায়ী এই গ্যাস থেকে ঘটা দুর্ঘটনা।
তিতাস কর্তৃপক্ষ বলছে, বছর দশেক আগে এই সংখ্যা ছিল ৩০০ থেকে ৪০০-এর মতো। আগে জরুরি প্রয়োজনে প্রতিষ্ঠানটির পাঁচটি দল তিনটি পালায় কাজ করত। এই বছর থেকে সংখ্যা বাড়িয়ে ৩০ করা হয়েছে। তবু কুলিয়ে ওঠা যাচ্ছে না।
তিতাস ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলছেন, শীতকালে এ ধরনের দুর্ঘটনা বাড়ে। মানুষের সচেতন হওয়া জরুরি। জানা গেছে, তিতাস ঢাকা শহরে ১৯৬২ সাল থেকে গ্যাস বিতরণের কাজ করছে। ফলে এই দীর্ঘ সময়ে শহরের একটি বড় অংশে গ্যাস-সংযোগ লাইনগুলোয় মরচে পড়ে গেছে। সামান্য আঘাতেই এই পাইপগুলো ছিদ্র হয়ে যায়। পানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ সম্প্রসারণ বা মেরামতের কাজ চলে তখন গ্যাস পাইপলাইনে ছিদ্র তৈরি হয়। গত ২৬ জুন উত্তরার আলাউদ্দিন ট্রপিক্যাল মার্কেটে দুর্ঘটনা ঘটে মাটির ১১ ফুট নিচে গ্যাস পাইপলাইনের ছিদ্র থেকে। সেখান থেকে বহুতল ভবনটির নিচতলায় গ্যাস জমে আগুন ধরে যায়। যদিও প্রাথমিকভাবে বলা হয়েছিল, লিফট ছিঁড়ে ওই দুর্ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য ছিদ্র পেলে গ্যাস এমনকি অন্য কোনো পাইপলাইন ধরে বাসাবাড়িতে পৌঁছাতে পারে।
গত ২৬ ফেব্রুয়ারি উত্তরার ১৩ নম্বর সেক্টরে গ্যাস থেকে ঘটা অগ্নিকাণ্ডে পাঁচ সদস্যের পরিবারের চারজন মারা যান। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানাচ্ছে, ওই বাড়ির সামনের সড়কে গ্যাস পাইপলাইনে ছিদ্র ছিল।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস) শাকিল নেওয়াজ খান প্রথম আলোকে বলেন, গ্যাস জ্বলে ওঠার মতো যেকোনো উপকরণ পেলেই দুর্ঘটনা ঘটাবে। বাতাসের চেয়ে ৩০ ভাগ হালকা হওয়ায় গ্যাস এসে বাড়ির ওপরের অংশে জমা হয়। সে সময় কেউ বৈদ্যুতিক সুইচ জ্বালালে বা নেভালে, দেশলাই জ্বালালে এমনকি মুঠোফোন ব্যবহার করলেও বাসায় আগুন ধরে যেতে পারে।
গত বছরের ৩০ মে লেকসার্কাসের একটি বাসায় অগ্নিকাণ্ডে দুজন মারা যান। আহত হন ওই বাড়ির আরও পাঁচ সদস্য। লেকসার্কাসের দেয়াল দিয়ে ঘেরা একই কম্পাউন্ডের ভেতর দোতলা বাড়ির পাশে টিনশেড বাসায় ওই দিন আগুন লাগে। বাসাটিতে সস্ত্রীক সুমন ও সুমনের বোন রোজিনা আক্তার, তাঁদের মা, তাঁদের ছেলেমেয়েসহ ভাড়া থাকতেন। ওই দিন ঘুম থেকে উঠে ভোরবেলা সুমন ও রোজিনার মা মমতাজ বেগম বৈদ্যুতিক সুইচ চাপতেই পুরো ঘরে আগুন ধরে যায়। গুরুতর আহত অবস্থায় সাতজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মমতাজ বেগম ও রোজিনা আক্তার মারা যান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনার দু-এক দিন আগে ওয়াসা রাস্তা কেটে কাজ করছিল। সে সময় গ্যাস পাইপলাইন ফেটে যায়। মেরামত না করেই তার ওপর ওয়াসা বালুর বস্তা চাপা দিয়ে চলে যায়। এলাকার লোকজন গ্যাসের গন্ধ পাচ্ছিলেন। কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটবে ভাবতে পারেননি।
তিতাসের ব্যবস্থাপক এনামুল হক বলেন, গ্যাসের চাপ বেশি হলে বা সার্বক্ষণিক গ্যাস সরবরাহ না থাকলেও অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে। তিনি গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, অনেক সময় গ্যাসের চাপ সামলাতে না পেরে মরচে ধরা গ্যাসের সংযোগলাইন ছিদ্র হয়ে যায়। চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহের সময়ে এই ঘটনা ঘটতে পারে। তিনি অবশ্য বলেন, তিতাস গ্যাসের চাপ যেন বেশি না হয় সে বিষয়টি নজরে রাখেন। এ ছাড়া যেসব জায়গায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের ব্যবস্থা নেই, সেসব জায়গায়ও দুর্ঘটনার ঝুঁকি থাকে। গ্যাস না থাকায় অনেকেই চুলার চাবি খুলে রাখেন। পরে যখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হয় তখন বাড়ি গ্যাসে ভরে যায় ও দুর্ঘটনার অনুকূল পরিবেশ তৈরি করে। যেসব জায়গায় অবৈধভাবে গ্যাসের সংযোগ নেওয়া হচ্ছে, সেসব জায়গাতেও দুর্ঘটনা ঘটছে।