গ্যাসবিহীন এক দিন দুর্ভোগে চট্টগ্রামের মানুষ
চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকার গ্রাহকেরা গতকাল বুধবার গ্যাস পাননি। মঙ্গলবার মধ্যরাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এ সংকট তৈরি হয় বলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানিয়েছে।
কেজিডিসিএল সূত্র জানায়, ত্রুটি সারিয়ে গতকাল সকালেই বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন শুরু হয়েছে। কিন্তু ত্রুটি সারানোর পরও পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগছে। আজ বৃহস্পতিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সূত্রটি জানায়, ত্রুটির কারণে কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সরবরাহ লাইনে সংকট দেখা দেয়। চট্টগ্রামের অবস্থান সরবরাহ লাইনের শেষ প্রান্তে হওয়ায় এখানকার গ্রাহকদের ভোগান্তি প্রকট আকার ধারণ করে। তা ছাড়া প্রয়োজনের তুলনায় গ্যাসের পরিমাণ ছিল কম। বেলা একটা পর্যন্ত চট্টগ্রামে গ্যাসের চাপ ১২০ পিএসআই (গ্যাসের চাপ পরিমাপের একক) পাওয়া গেছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেকেরও কম।
গ্যাস না পাওয়ায় অনেকে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে যোগাযোগ করেন। নন্দনকানন এলাকার গৃহিণী শাহিন আজগর জানান, বেলা দুইটার আগে তাঁর চুলায় গ্যাস পাওয়া যায়নি। দুইটার পর গ্যাস এলেও চাপ ছিল কম। রহমতগঞ্জ এলাকার মো. রাশেদ জানান, বিকেল চারটা পর্যন্ত তাঁর বাসায় গ্যাস আসেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘাটফরহাদবেগ, চকবাজার, জামালখান, দেবপাহাড় এলাকা, আসকারদীঘি, বায়েজিদ, পাঁচলাইশ, খুলশী, ডেবার পাড়, পতেঙ্গা, ইপিজেড এলাকাসহ নগরের অধিকাংশ এলাকায় বিকেলেও গ্যাসের দেখা মেলেনি।
পাঁচলাইশ এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের কর্মী মো. শাহ আলম জানান, চাপ না থাকায় সকালের দিকে তাঁরা গাড়িতে গ্যাস সরবরাহ করতে পারেননি।
জানতে চাইলে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) খোন্দকার মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাতের মধ্যেই অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকবে।’
চট্টগ্রামে গত কয়েক বছর ধরে গ্যাস-সংকট চলছে। বিশেষ করে শীত মৌসুমে এই সংকট প্রকট আকার ধারণ করে।