গ্যাসলাইন বিস্ফোরণে শ্রমিক দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগানে রাস্তার পাশে তিতাসের একটি গ্যাসলাইনে বিস্ফোরণে গতকাল শনিবার সকালে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। আফজাল (৪০) নামের ওই শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
আফজালের বাড়ি পাবনার ভেড়ার চরপেচাকোলা গ্রামে। ঢাকায় শ্যামলীর একটি বাসায় আরও কয়েকজন নির্মাণ শ্রমিকের সঙ্গে তিনি থাকেন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, আফজালের শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।
আফজালের সহকর্মী মো. শাহিনুর ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, রাস্তার পাশে চারটি সারিতে স্তূপ করে রাখা ইট তাঁরা পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাচ্ছিলেন। মাত্র এক সারির ইট তাঁরা সরিয়েছেন। এমন সময় সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ করেই মাটির নিচ থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসে। আফজাল ঠিক ওই জায়গাটির ওপর ছিলেন। তাঁর লুঙ্গিতে আগুন ধরে যায়। পরে তাঁর গায়ে পানি ঢেলে আগুন নিভিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস নামের একটি আবাসন প্রতিষ্ঠানের একটি কনস্ট্রাকশন সাইটের ঠিক সামনে রাস্তার পাশে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মাটি খুঁড়ে গ্যাসলাইনে মেরামতের কাজ করছেন তিতাসের শ্রমিকেরা। সেখানে কর্তব্যরত তিতাসের ডেপুটি ম্যানেজার (জরুরি) বলেন, তিতাসের অনুমতি ও সহযোগিতা ছাড়াই মূল লাইন থেকে একটি কানেক্টর দিয়ে গ্যাসের রাইজার ভেতরে নেওয়া হয়েছিল। আর ইট রাখা হয়েছিল ঠিক ওই সংযোগস্থলের ওপর। এতে সংযোগটির ওপর চাপ পড়ে তা বিস্ফোরিত হয়।
বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াসের এই ভবন নির্মাণের প্রজেক্ট ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, কানেক্টর দিয়ে গ্যাসলাইনটি তাঁরা ভেতরে নিয়ে যাননি। আগে যাঁদের বাড়ি ছিল, তাঁরা হয়তো নিয়েছিলেন।