গ্যাসলাইন বিস্ফোরণে আহত জাহিদ মারা গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুলে গ্যাসলাইন বিস্ফোরণে গুরুতর আহত জাহিদ (১৪) নামে এক শিশু মারা গেছে। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শিশুটি মারা যায়।
গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশনের কাফরুলের সেনপাড়ার ৫৯০ নম্বর বাড়িতে গ্যাসলাইনের আগুনে
একই পরিবারের ছয় সদস্যসহ সাত ব্যক্তি দগ্ধ হন। তাঁরা হলেন দেলোয়ার হোসেন (৬০), তাঁর স্ত্রী সালেহা (৫০), তাঁদের তিন ছেলে-মেয়ে আমেনা (২৪), ফাতেমা (১২), জাহিদ (১৪) এবং আমেনার ছেলে আরমান (১) ও প্রতিবেশী রতন (৩৫)।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, জাহিদের শরীরের ৪১ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হলে জাহিদের বাবা দেলোয়ার হোসেনকে গতকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ওই পরিবারের অন্যরাও আশঙ্কামুক্ত নন।