গ্যাসলাইন বিস্ফোরণে এক পরিবারের সাতজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেন্ডারিয়ায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ শাহানাজ বেগম, শিশু শুভ ও শরিফা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন l প্রথম আলো
গেন্ডারিয়ায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ শাহানাজ বেগম, শিশু শুভ ও শরিফা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন l প্রথম আলো

পুরান ঢাকার গেন্ডারিয়ার ঢালকানগরে গতকাল বুধবার ভোররাতে গ্যাসলাইন বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন। নিম্নবিত্ত পরিবারটির সবাই দগ্ধ হওয়ায় চিকিৎসার খরচ জোগানো নিয়ে তাঁরা চিন্তায় পড়েছেন।

দগ্ধ সাতজন হলেন শাহিদা বেগম (৩৫), তাঁর স্বামী আসবাবের বার্নিশ মিস্ত্রি শরিফ আহমেদ (৪২), তাঁদের স্কুলপড়ুয়া মেয়ে শরিফা আক্তার (১৩), ছেলে মো. শুভ (৮), শাহিদার মা আলেয়া বেগম (৬৫), বোন পোশাকশ্রমিক শাহানাজ বেগম (৩৫) ও ভগ্নিপতি নির্মাণশ্রমিক আলী আকবর (৫০)। ঘটনার সময় শাহিদার বড় ছেলে বার্নিশ মিস্ত্রি রাকিব হোসেন (১৬) টয়লেটে থাকায় অক্ষত রয়েছে। চিকিৎসকেরা বলেছেন, দগ্ধদের চারজনের অবস্থা সংকটজনক।

ফায়ার সার্ভিস ও শ্যামপুর থানার পুলিশ বলেছে, বৈদ্যুতিক মাল্টিপ্লাগের সংযোগস্থল থেকে আগুনের স্ফুলিঙ্গ গ্যাসলাইনের ছিদ্র দিয়ে বের হওয়া গ্যাসের সংস্পর্শে এলে গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়ে এবং বাসার টিনের চালা দুমড়ে-মুচড়ে উল্টে যায়।

দগ্ধদের পারিবারিক সূত্র বলেছে, শাহিদা বেগম স্বামী, সন্তান, মা-বোন, ভগ্নিপতিসহ যৌথভাবে ৫৭/বি ঢালকানগরে টিনেশেডের দুই কক্ষ ভাড়া নিয়ে থাকতেন।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন শাহানাজ বেগম প্রথম আলোকে বলেন, এক ঘরে শাহিদা স্বামী-সন্তান নিয়ে এবং অন্যরা অন্য কক্ষে ঘুমিয়েছিলেন। ভোররাত চারটার পর বিকট বিস্ফোরণে ঘুম ভেঙে গেলে দেখেন সবার শরীরে আগুন। আসবাব পুড়ে গেছে। তাঁরা চিৎকার করতে থাকেন। দেখেন, তাঁদের বাসার চালা ওলটানো। তাঁদের দুই ঘর দিয়ে রান্নাঘরের দিকে যাওয়া গ্যাসের পাইপ চূর্ণ-বিচূর্ণ। মেঝে থেকে তাঁরা উঠতে পারছিলেন না।

শাহানাজ অভিযোগ করেন, ওই বাড়ির মালিক হীরা বেগমসহ তিন নারী। দুই মাস ধরে গ্যাসের লাইন থেকে গ্যাস বের হওয়ার গন্ধ পাচ্ছিলেন। বাড়ির মালিকদের বললেও তাঁরা আমলে নেননি। তাঁরা গ্যাসের লাইন মেরামত করে দিলে এই অবস্থা হতো না। তাঁদের চিকিৎসার খরচ কীভাবে আসবে ভেবে পাচ্ছেন না। চোখে অন্ধকার দেখছেন।

শাহিদার ছেলে রাকিব আহমেদ বলে, রাত চারটার দিকে সে টয়লেটে যাওয়ার কিছুক্ষণ পর বিকট শব্দে
বাসা কেঁপে ওঠে। সে দ্রুত বেরিয়ে দেখে পরিবারের সবার শরীরে আগুন জ্বলছে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢোকে। সে ও প্রতিবেশীরা সবার শরীরের আগুন নিভিয়ে ফেলে। পরে সবাইকে হাসপাতালে নেওয়া হয়।

দুপুরে গিয়ে দেখা যায়, ঢালকানগরের ওই বাসার টিনের চালা দুমড়ে-মুচড়ে ওপরে উঠে আছে। কাচের জানালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পাশের গলিতে ছড়িয়ে আছে। জানালা দিয়ে দেখা যায়, বাসার ভেতরের মালামাল ভাঙাচোরা, ছড়ানো-ছিটানো। স্থানীয় বাসিন্দারা বলেন, ঘটনার পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাসলাইনটি মেরামত করেছে। পরে বাড়ির মালিক হীরা বেগম বাসায় তালা লাগিয়ে চলে গেছেন।

হীরা বেগমকে না পাওয়ায় কথা বলা যায়নি।

প্রতিবেশী জাহাঙ্গীর ব্যাপারী বলেন, তাঁরা ওই বাসার আশপাশে গ্যাসের গন্ধ পাচ্ছিলেন, কিন্তু গন্ধের উৎস চিহ্নিত করতে পারেননি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ভোররাত ৪টা ১০ মিনিটে আগুন লাগলেও ফায়ার সার্ভিস খবর পায় সকাল ৭টায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে ততক্ষণে আগুন নিভে যায়।

বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, পোড়া ঘায়ে ব্যান্ডেজ নিয়ে শরিফ আহমেদ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ), তাঁর স্ত্রী শাহিদা বেগম, ভায়রা আলী আকবর ও শাশুড়ি আলেয়া বেগম হাইডিপেডেন্সি ইউনিটে ছটফট করছেন। শরিফের ৪৫ শতাংশ, শাহিদার ২৫, আলেয়ার ২৫ ও আলী আকবরের ২৫ শতাংশ পুড়ে গেছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর বলেন, দগ্ধ শরিফ, শাহিদা, আলেয়া ও আলী আকবরের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের অবস্থা সংকটজনক।

আর শাহানাজ বেগমের শরীরের ৯ শতাংশ, শরিফার ২ শতাংশ ও শুভর ৮ শতাংশ পুড়েছে। পার্থ শংকর বলেন, এদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হলেও এরা কম দগ্ধ হয়েছে। এ কারণে তারা সংকটাপন্ন নয়।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, বাড়ির মালিক হীরা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি দাবি করেছেন, তিতাস গ্যাসের কাছে লাইন মেরামতের আবেদন করলেও তারা শোনেনি। ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আহত ব্যক্তিরা বাড়ির মালিকের বিরুদ্ধে পরে মামলা করতে চাইলে তা নেওয়া হবে।