গ্যাসলাইনে ময়লা, চুলা জ্বলে না অনেক বাসায়
জাতীয় গ্যাস গ্রিডের বাখরাবাদ থেকে সিদ্ধিরগঞ্জ পর্যন্ত শতাধিক কিলোমিটার দীর্ঘ ৩০ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের ওই অংশটি থেকে গ্যাসের সঙ্গে বিপুল পরিমাণ ময়লা আসছে। এ কারণে গ্রিডের ওই অংশটি প্রায় নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এর ফলে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
পেট্রোবাংলা ও তিতাস গ্যাসের সূত্র জানিয়েছে, দেশে এমনিতেই চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ ঘাটতি রয়েছে। শীতকালীন চাহিদা বৃদ্ধির ফলে ওই ঘাটতি আরও বেড়েছে। তার ওপর গ্রিডের ওই সমস্যা ঢাকার অধিকাংশ এলাকার আবাসিক গ্রাহকদের দুর্ভোগে ফেলেছে। কয়েকটি বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও শিল্পকারখানায়ও নতুন করে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।
ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, লালবাগ, পোস্তগোলা, বাসাবো প্রভৃতি অঞ্চলের কোনো কোনো এলাকায় গ্যাস-সংকট প্রায় প্রতিবছরের ঘটনা হয়ে উঠেছে। কিন্তু নতুন করে সংকট দেখা দিয়েছে শ্যামলী, কলাবাগান, মতিঝিলের কোনো কোনো এলাকায়ও। এসব এলাকায় অনেক বাসায় রান্না পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
জাতীয় গ্যাস গ্রিড পরিচালনায় নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। গ্রিডের ওই অংশটি সম্পর্কে জানতে চাইলে জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক নিজাম শরীফ প্রথম আলোকে বলেন, সমস্যা পাইপলাইনটির নয়। ময়লা এসেছে গ্যাসের সঙ্গে। লাইনটি পরিষ্কার করা হয়েছে। এখন লাইনটি দিয়ে আগের মতোই গ্যাস সরবরাহ শুরু করা যাবে।
তবে জিটিসিএল সূত্রে পাওয়া একটি ভিডিও চিত্রে দেখা গেছে, পরিষ্কার করার পরও লাইনটির মধ্য দিয়ে সঞ্চালিত গ্যাস ইটভাটার কালো ধোঁয়ার মতো। এ রকম গ্যাস পাইপলাইনে দেওয়া তো দূরের কথা, কোনো কূপ থেকে এ রকম গ্যাস উঠতে শুরু করলে সেই কূপ বন্ধ করে দেওয়া হয়।
জিটিসিএল সূত্র বলে, ময়লাযুক্ত গ্যাস সরবরাহ শুরু হওয়ার পর ওই পাইপলাইন থেকে গ্যাস ব্যবহারকারী ৪৫০ মেগাওয়াট ক্ষমতার মেঘনাঘাট ও ৩৬০ মেগাওয়াট ক্ষমতার হরিপুর বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল। এ জন্য বিদ্যুৎকেন্দ্র দুটি গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে ক্ষতিপূরণও দাবি করেছে। তাই এখন গ্যাস সরবরাহ শুরু করার আগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জিটিসিএলকে বলেছে লাইনটি পরিষ্কার করার পর তাদের বিষয়টি চিঠি দিয়ে জানাতে।
এ বিষয়ে জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম বলেন, এখন (গতকাল রাত আটটা) পর্যন্ত জিটিসিএল কোনো চিঠি দেয়নি। চিঠি না দেওয়া পর্যন্ত লাইনটি যথাযথভাবে পরিষ্কার করা হয়েছে কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পারছেন না।
ঢাকার গ্যাস-সংকট প্রসঙ্গে নওশাদ ইসলাম বলেন, ঢাকায় গ্যাস আসে বাখরাবাদ-ডেমরা ২০ ইঞ্চি ব্যাসের একটি লাইনের মাধ্যমে। আর ৩০ ইঞ্চি ব্যাসের বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ লাইনটি ব্যবহৃত হয় হরিপুর, মেঘনাঘাট, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ অঞ্চলের গ্রাহকের জন্য।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ৩০ ইঞ্চি লাইনটি স্বাভাবিক অবস্থায় চালু থাকার সময় ২০ ইঞ্চি লাইনটির মাধ্যমে ঢাকায় যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হতো, এখন তার তুলনায় প্রতি ঘণ্টায় ২০ লাখ ঘনফুট গ্যাস কম আসছে। অর্থাৎ আগের তুলনায় প্রতিদিন ঢাকায় গ্যাস কম আসছে প্রায় ৪ কোটি ৮০ লাখ ঘনফুট। শীতকালীন বর্ধিত চাহিদা হিসাবে নিলে ঢাকাসহ তিতাসের বিতরণ অঞ্চলে বর্তমানে গ্যাসের চাহিদা দৈনিক প্রায় ১৮০ কোটি ঘনফুট। উক্ত দুটি লাইন পুরোপুরি চালু থাকা অবস্থায় পাওয়া যেত প্রায় ১৭৫ কোটি। এখন পাওয়া যাচ্ছে ১৭০ কোটি ঘনফুটের মতো। এ কারণে ঢাকার কিছু কিছু এলাকায় নতুন করে গ্যাস-সংকট সৃষ্টি হয়েছে।
তিতাস গ্যাসের সূত্র জানায়, ঢাকাসহ তাদের বিতরণ অঞ্চলে বিপুল অপচয় ও অবৈধ লাইনের মাধ্যমে গ্যাস ব্যবহারও সংকটের কারণ। তিতাসের একটি সমীক্ষার ফলাফল অনুযায়ী, তাদের বিতরণ অঞ্চলে শুধু শিল্পগ্রাহকদের বয়লার উন্নত করা হলে গ্যাস ব্যবহার কমবে এখনকার তুলনায় দৈনিক ২৫ কোটি ঘনফুট। অবৈধ লাইনের মাধ্যমেও প্রায় পাঁচ কোটি ঘনফুট গ্যাস ব্যবহার করা হচ্ছে, যার রাজস্ব তিতাস তথা সরকারি কোষাগারে আসে না। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ লাইন দিয়ে গ্রাহকের কাছ থেকে এককালীন ও মাসিক ভিত্তিতে টাকা নেওয়া হচ্ছে।
এ ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার জন্য তিতাস কর্তৃপক্ষ ১০ জনকে চাকরিচ্যুত করেছে। তিতাসের পক্ষ থেকে অবৈধ লাইন বিচ্ছিন্ন করার জন্য প্রশাসনের সহায়তা চেয়ে প্রায়ই চিঠিপত্র দেওয়া হতো। সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে—অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করবে স্থানীয় প্রশাসন। এ জন্য জেলা পর্যায়ে ডিসি এবং উপজেলা পর্যায়ে ইউএনওকে প্রধান করে কমিটি করে দেওয়া হয়েছে। তিতাস কর্তৃপক্ষ তাঁদের সাচিবিক সহায়তা দেবে। কিন্তু এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার কোনো অভিযান পরিচালিত হয়নি।
পেট্রোবাংলার সূত্র জানায়, তাঁদের অফিশিয়াল হিসাব অনুযায়ী দেশে এখন গ্যাসের চাহিদা দৈনিক ৩২০ কোটি ঘনফুট। উৎপাদনক্ষমতা ২৭৫ কোটি এবং প্রকৃত উৎপাদন ২৭০ থেকে ২৭২ কোটি ঘনফুট। এই যে প্রায় ৫০ কোটি ঘনফুট ঘাটতি, তা দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। উৎপাদন বাড়ে, চাহিদাও বাড়ে। ফলে ঘাটতি আর কমে না। এই ঘাটতি সমন্বয় করার জন্য বিদ্যুৎ উৎপাদনে (ক্যাপটিভ বিদ্যুৎসহ) সর্বোচ্চ ১৫১ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে দেওয়া হয় সর্বোচ্চ ১১০ কোটি ঘনফুট। সার উৎপাদনে সর্বোচ্চ চাহিদা প্রায় ৩২ কোটি ঘনফুট। দেওয়া হয় সর্বোচ্চ ২২ কোটি ঘনফুট। আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজি প্রভৃতি ক্ষেত্রেও সরবরাহ সীমিত রাখার চেষ্টা করা হয়।