গ্যাসলাইনের জন্য কাটা রাস্তা মেরামতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গ্যাস ও পানির সংযোগের জন্য ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের দাবিতে গতকাল বুধবার জনউদ্যোগ-রাজশাহী নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করেছে।
গতকাল বেলা ১১টায় রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ পাঠাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ফেলো জুলফিকার আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক প্রশান্ত সাহা, শাহজাহান আলী বরজাহান, নগরের শাহমখদুম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র সরিফুল ইসলাম, নারীনেত্রী কল্পনা রায়, সাবেক অধ্যক্ষ রাজকুমার সরকার প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, দুই বছর ধরে নগরের প্রায় সব সড়ক গ্যাস ও ওয়াসার পানির সংযোগ দেওয়ার জন্য কাটা হয়েছে। প্রতি কিলোমিটারে ৫০ থেকে ৬০টি জায়গায় কাটা হয়েছে। সংবাদ সম্মেলনে উদাহরণ দিয়ে বলা হয়, নগরের বর্ণালীর মোড় থেকে হেতেমখাঁ হয়ে সাহেববাজার পর্যন্ত প্রায় ৩০ জায়গায় কাটা হয়েছে। আবার পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে নগরের ম্যাচ ফ্যাক্টরির মোড় হয়ে শাহমখদুম থানা পর্যন্ত প্রায় ২০ জায়গায় কাটা রয়েছে। নগরের ৪১০ কিলোমিটার রাস্তায় এই কাটাকাটির সংখ্যা প্রায় আট হাজার। এই কাটা জায়গায় গত দুই বর্ষায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্ত জনদুর্ভোগের কারণ হয়েছে।
সংবাদ সম্মেলনে এই খোঁড়াখুঁড়ি মেরামত বাবদ ভোক্তাদের কাছ থেকে আদায় করা টাকার পরিসংখ্যান তুলে ধরা হয়। বলা হয়, মেরামতের জন্য রাজশাহী সিটি করপোরেশন রশিদের মাধ্যমে প্রতি বর্গমিটার পাকা রাস্তার জন্য ৩ হাজার ১৯০ টাকা, হেরিংবন্ডের জন্য ৯৯০ টাকা, কাঁচা রাস্তার জন্য ৯৭ টাকা করে নগরভবনের অগ্রণী ব্যাংকে জমা নিয়েছে। তারপর গ্যাস-সংযোগের জন্য প্রধান প্রকৌশলী রাস্তার কাটার অনুমতি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই সংগঠনের উদ্যোগে কাটা রাস্তা মেরামতের দাবিতে গত বছর ১৯ নভেম্বর তাঁরা নগরে সংবাদ সম্মেলন করেন। গত ২৩ আগস্ট প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘কাটা রাস্তার নগর রাজশাহী, মেরামতের উদ্যোগ নেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।