গ্যাসের অপচয় রোধে প্রযুক্তি পরিবর্তনের উদ্যোগ
দেশে একদিকে যেমন জ্বালানি গ্যাসের ঘাটতি রয়েছে, তেমনি চলছে ব্যাপক অপচয়ও। শিল্প-কারখানার বয়লার ও ঘরে রান্নার চুলার (বার্নার) সেকেলে প্রযুক্তি এই অপচয়ের কারণ। তাই সামান্য ব্যয়ে উন্নত প্রযুক্তির বয়লার ও চুলা ব্যবহার উৎসাহিত করে গ্যাস সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি।গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁও হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, গ্যাসের মজুত অফুরন্ত নয়। কাজেই হিসাব করে, অগ্রাধিকার চিহ্নিত করে গ্যাস ব্যবহার করতে হবে। আর ব্যবহারে দক্ষতা বাড়িয়ে করতে হবে সাশ্রয়। তিতাস গ্যাস ও জার্মান সরকারের আন্তর্জাতিক সাহায্য সংস্থা জিআইজেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর। স্বাগত বক্তব্যে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আজিজ খান বলেন, তাঁরা জরিপ চালিয়ে দেখেছেন, তিতাসের বিতরণ এলাকার সবগুলো শিল্পের বয়লার আধুনিক প্রযুক্তিতে রূপান্তর করলে প্রতিদিন ১৫ কোটি ঘনফুট গ্যাস সাশ্রয় করা সম্ভব। একইভাবে, তাঁদের আওতাধীন এলাকার আবাসিক গ্রাহকদের চুলাগুলো উন্নত হলে ১০ কোটি ঘনফুট গ্যাস সাশ্রয় হবে। গ্যাসের উন্নত চুলা তৈরির জন্য বিএসটিআই কাজ করছে।বর্তমানে চাহিদার তুলনায় দেশে গ্যাসের উৎপাদন ঘাটতি প্রায় ৫০ কোটি ঘনফুট। এই ঘাটতির অর্ধেক সাশ্রয়ের মাধ্যমেই পূরণ করা সম্ভব। তিতাসের এমডি বলেন, সাশ্রয়ের উদ্যোগ বাস্তবায়নের জন্য আগামী মাসে শিল্পগ্রাহকদের জন্য একটি প্রশিক্ষণের আয়োজন করা হবে। তা ছাড়া প্রযুক্তি পরিবর্তনের জন্য প্রয়োজনে শিল্পগ্রাহকেরা তিতাসের কাছ থেকে ঋণসুবিধাও পাবেন। এ জন্য তিতাস একটি তহবিল গঠন করছে।বাংলাদেশে জিআইজেডের কর্মসূচি সমন্বয়কারী এরিক অটো গম বলেন, উন্নয়নের জন্য জ্বালানি অপরিহার্য। জ্বালানির যথাযথ ব্যবহারও গুরুত্বপূর্ণ। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ব্যবসায়ী-শিল্পপতিদের প্রতি উন্নত প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি তিনি তিতাস গ্যাস কোম্পানিকে ছয় মাসের মধ্যে অন্তত ২০টি প্রতিষ্ঠানে উন্নত প্রযুক্তি ব্যবহারের কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ নিতে বলেন।উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইজাজ হোসেনের সভাপতিত্বে একটি কারিগরি অধিবেশন হয়। সেখানে জিআইজেড ভারতের জ্যেষ্ঠ কারিগরি বিশেষজ্ঞ শ্রীনিবাসন রামস্বামী, জিআইজেড বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা খুরশিদ-উল-ইসলাম, মুস্তাফুিজর রহমান প্রমুখ বক্তব্য উপস্থাপন করেন। এতে উন্নত প্রযুক্তির বয়লার ব্যবহারের মাধ্যমে জ্বালানি সাশ্রয়ের অর্থনৈতিক, পরিবেশগত, কারিগরি প্রভৃতি দিক তুলে ধরা হয়।এই সেমিনারে অংশ নেওয়ার জন্য অনেক শিল্পপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু উপস্থিত হয়েছিলেন ১০টিরও কম প্রতিষ্ঠানের প্রতিনিধি। এ ব্যাপারে সেমিনারে অসন্তোষ প্রকাশ করে বলা হয়, তাঁরা সব সময়ই গ্যাস-বিদ্যুতের সংকটের কথা বলেন। কিন্তু এই সংকট থেকে উত্তরণের কোনো পন্থা সম্পর্কে আলোচনায় ডাকলে আসেন না।