গ্যাসের অবৈধ সংযোগ বৈধ করবেন সাংসদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ১৮ হাজারেরও বেশি অবৈধ গ্যাস-সংযোগ বৈধ করে দেবেন জাতীয় পার্টির স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন৷ গতকাল সোমবার সোনারগাঁ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাংসদ এ প্রতিশ্রুতি দিয়েছেন৷ দেশের বিভিন্ন স্থানে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও সোনারগাঁয়ে তা করা হবে না বলেও তিিন জানিয়েছেন৷ এ জন্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে তিনি পত্র পাঠিয়েছেন৷
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ লিয়াকত একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য৷
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান৷ সভায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন৷
সাংসদ লিয়াকত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা৷ কমিটির গতকালের সভায় তিনি বলেন, ‘সোনারগাঁয়ের সর্বত্র গত পাঁচ বছরে হাজার হাজার অবৈধ গ্যাস-সংযোগ নেওয়া হয়েছে৷ বিত্তবানদের পাশাপাশি গ্রামের নিরীহ কৃষক, শ্রমিকেরাও অবৈধ সংযোগ নিয়ে বর্তমানে রান্না করছেন৷ গ্রামের অনেক সাধারণ মানুষ গরু, ছাগল বিক্রি করে ও বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা দিয়ে এসব গ্যাসের সংযোগ নিয়েছেন৷ এসব সংযোগ দেওয়ার সময় নিম্নমানের পাইপ ও রাইজার বসানো হয়েছে৷ ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা৷ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব নিম্নমানের পাইপ ও রাইজার বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন৷ কিন্তু সরকার কোটি কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে৷ তাই গরিব মানুষের কল্যাণ ও সরকারের রাজস্ব আদায়ের কথা চিন্তা করে আমি বিদ্যুৎ, জ্বালািন ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হিসেবে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পেট্রোবাংলার চেয়ারম্যান ও তিতাসের ব্যবস্থাপনা পরিচালককে ডিও লেটারের মাধ্যমে অনুরোধ জানিয়েছি, যাতে এসব অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে কোনো ধরনের অভিযান চালানো না হয়৷ তাঁরা আমার এ প্রস্তাব মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন৷’
সাংসদ সভায় শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আবদুর রউফকে বলেন, ‘আপনার এলাকায় নতুন করে আর কোনো সংযোগ দেবেন না৷ পুরোনো সংযোগগুলো বৈধ করার পর নতুন সংযোগ দিয়ে সেগুলো বৈধ করা হবে৷’
সাংসদ নিম্নমানের পাইপ ও রাইজার সরিয়ে ভালো মানের পাইপ লাগাতে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেন৷ তিনি আশ্বস্ত করে বলেন, ‘অবৈধ সব সংযোগ অবশ্যই বৈধ করে দেব৷ সোনারগাঁয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না৷ আমি মন্ত্রণালয়ে বিষয়টি তদারক করছি৷’
সোনারগাঁর নয়টি ইউনিয়নে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্যাস কমিটি করে ১৮ হাজারেরও বেশি বাড়িতে অবৈধ গ্যাস দিয়েছেন৷ প্রতিজন গ্রাহকের কাছ থেকে ৪৫ হাজার টাকা করে প্রায় ৮১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন৷