গ্যাসের অবৈধ সংযোগ বন্ধ রাখার নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে অবৈধ গ্যাস-সংযোগের অভিযোগ তদন্ত এবং জড়িত কর্মকর্তা-কর্মচারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদসচিব, অর্থসচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যানকে অভিযোগ তদন্ত সাপেক্ষে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এক রিটের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে গ্যাস-সংযোগ বন্ধের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত নতুন সংযোগ বন্ধ রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে দুই সপ্তাহের মধ্যে অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত ১ সেপ্টেম্বর ‘গ্যাস-সংযোগ বন্ধ করে দুর্নীতির ক্ষেত্র তৈরি’ এবং ৭ সেপ্টেম্বর ‘চট্টগ্রামে নতুন গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে ৩০ হাজার!’ শিরোনামে প্রথম আলোয় দুটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন দুটি যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গতকাল রিটটি করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান। শুনানি নিয়ে আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন। আদালত ২০১০ সালের ১৩ জুলাইয়ের আগে গ্যাসের মোট ব্যবহার, গ্যাস-সংযোগের সংখ্যা এবং বর্তমানে ব্যবহারের পরিমাণ ও সংখ্যা চার সপ্তাহের মধ্যে দাখিল করতে বলেন। গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের দুই ব্যবস্থাপনা পরিচালককে চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।আর রুলে গ্রাহকপর্যায়ে গ্যাসের অবৈধ-সংযোগ বন্ধে কেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। অর্থসচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদসচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হয়েছে।২০০৯ সালের ২১ জুলাই শিল্প ও বাণিজ্যিক এবং ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ করে সরকার।