সারা দেশে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সেগুলো বৈধ করার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার সুপারিশও করা হয়েছে।এ ছাড়া, এই দফায় বাড়ানোর পর বর্তমান সরকারের মেয়াদে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম আর না বাড়ানোর পক্ষে মত দিয়েছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।সুবিদ আলী ভূঁইয়া বলেন, সরকার এখন পর্যন্ত মোট সাতবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম যেন আর না বাড়ে, কমিটি সে জন্য সুপারিশ করেছে। তাঁর মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল। এ অবস্থায় দাম বাড়ানো হলে জনগণের ওপর ভয়াবহ প্রভাব পড়বে।কমিটির সভাপতি বলেন, যাঁরা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন, মানবিক কারণে তাঁদের বিরুদ্ধে দণ্ডমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। সে জন্য কমিটি অবৈধ সংযোগ বৈধ করার সুপারিশ করেছে। বৈঠকে গ্যাসের সুষম ব্যবহার নিশ্চিত করার জন্য দ্রুত নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে বলেও তিনি জানান।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর জানিয়েছেন, বর্তমানে ঢাকায় গ্যাসের এক লাখেরও বেশি অবৈধ সংযোগ রয়েছে।সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুল মতিন খসরু, ইসরাফিল আলম ও শেখ ফজলে নূর অংশ নেন। এ ছাড়া জ্বালানি ও খনিজ বিভাগের সচিব মেছবাহউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।