গ্যাসের অভাবে অন্ধকারে চট্টগ্রামের কেজিডিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কার্যালয়ে লোডশেডিংয়ের সময় বিদ্যুৎ সরবরাহের জন্য একটি গ্যাস জেনারেটর রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে অফিস চলাকালে একাধিকবার লোডশেডিং হলেও গ্যাসের অভাবে জেনারেটরটি চলেনি। গ্যাস কোম্পানির কর্মকর্তারা বলেন, মূল সরবরাহ লাইনে সরবরাহ কম থাকায় বৃহস্পতিবার কর্ণফুলী গ্যাস কার্যালয়েই গ্যাস ছিল না। ফলে লোডশেডিং চলাকালে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ছাড়াই কাজ করতে হয়। সূত্র মতে, চট্টগ্রামে যে গ্যাস সরবরাহ করা হয়, তার একটি অংশ সাঙ্গু গ্যাসক্ষেত্র এবং বাকিটা জাতীয় গ্রিড থেকে পাওয়া যায়। সম্প্রতি সাঙ্গু গ্যাসক্ষেত্রের সরবরাহ অনেক কমে গেছে। বৃহস্পতিবার বিকেলে সাঙ্গু থেকে পাওয়া গেছে মাত্র এক কোটি ঘনফুট গ্যাস। এ ছাড়া জাতীয় গ্রিড থেকে ১৮ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। চট্টগ্রামে গ্যাসের গড় চাহিদা প্রায় ৩৫ কোটি ঘনফুট। শীতে এ চাহিদা গড়ে ১০-১৫ শতাংশ বেড়ে যায়। কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে জানান, চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। কবে নাগাদ তা সমাধান হবে তা তিনি বলতে পারেননি।গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় বর্তমানে চটগ্রামে গ্যাসচালিত তিনটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।